ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন দশক ধরে পাকিস্তানের কারাগারে আটক থাকা ভারতীয় নাগরিক সুরজিত সিংকে (৬৯) মুক্তি দিয়ে বৃহস্পতিবার ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারতের স্থানীয় সময় সকাল ১০টার দিকে তাকে ওয়াগাহ সীমান্ত পার করে ভারতীয় কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়। এ সময় পাকিস্তানের পুলিশ তার সঙ্গে ছিলো।
সীমান্ত এলাকায় সুরজিতকে বরণ করে নেয় তার পরিবারের সদস্য ও গ্রামবাসীরা।
১৯৮২ সালে আটকের পর ১৯৮৫ সালে পাকিস্তানের সামরিক আইন অনুযায়ী সুরজিতকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে ১৯৮৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট গুলাম ইশহাক খান তার মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডে রদ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ
bdnews24