ক্যানবেরা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রায় ১৫০ জন শরণার্থী নিয়ে বুধবার ভারত মহাসাগরে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপের মধ্যবর্তী এলাকায় একটি নৌকা ডুবে গেছে।
অস্ট্রেলিয়ার সরকার জানিয়েছে, দু’টি জাহাজ দিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে।
অস্ট্রেলিয়ার উপকূলীয় নিরাপত্তা কর্তৃপক্ষ (এএমএসএ)’র মুখপাত্র জো মিহান অস্ট্রেলিয়ার টেলিভিশনকে বলেন, “নৌকা ডুবে গেছে। আর যাত্রীরা সব পানিতে পড়ে রয়েছে। যারা বেঁচে আছে তারা অন্যদেরকে রক্ষা করবে। সেখানকার পরিস্থিতি ঠিক রয়েছে বলে খবর পেয়েছি।”
এক সপ্তাহেরও কম সময়ে এ নিয়ে দ্বিতীয়বারের মতো একই ঘটনা ঘটল। গত সপ্তাহে প্রায় ২শ’ জন শরণার্থী বহনকারী এক নৌকা ডুবে যাওয়ায় ৯০ জনের মৃত্যু হয়।
সাম্প্রতিক এ ঘটনা অস্ট্রেলিয়ার শরণার্থী নীতি ও সীমান্ত নিরাপত্তা নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কই আরো জোড়দার করছে।
ইন্দোনেশিয়া ও ক্রিসমাস দ্বীপের মধ্যবর্তী এ নৌপথ শরণার্থীদের কাছে বেশ জনপ্রিয়। চোরাচালানকারীদের সহায়তায় প্রায়ই তারা নৌকায় করে দলে দলে এ পথ পাড়ি দেয়।
চলতি বছর এ পর্যন্ত ৪ হাজারেরও বেশি শরণার্থীকে বহনকারী ৫০টিরও বেশি নৌকাকে সনাক্ত করেছে অস্ট্রেলিয়ার সরকার।
তবে এ পথে ভ্রমণ প্রায়ই ভয়ংকর হয়। ২০১১ সালের ডিসেম্বর মাসে পূর্ব জাভা উপকূলে শরণার্থী বোঝাই এক নৌকা ডুবে গেলে ২শ’ জনের মৃত্যু হয়।
২০১০ সালে ক্রিসমাস দ্বীপের কাছাকাছি নৌকা ডুবে মারা যায় ৫০ শরণার্থী। আর ২০০১ সালে অস্ট্রেলিয়াগামী এক নৌকাডুবিতে মৃত্যু হয়েছিলো ৩৫০ জনের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৪৮ ঘ.
bdnews24