লস এঞ্জেলস, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রখ্যাত চিত্রনাট্যকার নোরা এপরন নিউ ইয়র্কে মারা গেছেন। তিনি লিউকেমিয়ায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১।
নোরার প্রকাশক আলফ্রেড এ. নফ এক বিবৃতিতে বলেন, “আমরা গভীর দুঃখের সঙ্গে নোরা এপরনের মৃত্যুর খবর জানাচ্ছি। বিপুল সংখ্যক জনগণের মুখে হাসি ফুটিয়েছিলেন তিনি। তাকে মনে রাখবে সবাই।”
নোরার ছেলে জ্যাকব বার্নস্টেইনের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, লিউকেমিয়ার কারণে সৃষ্ট নিউমোনিয়ায় মৃত্যু হয়েছে তার।
জ্যাকব ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে দ্য নিউ ইয়র্ক টাইমসে কাজ করেন ।
নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ এক বিবৃতিতে এ মৃত্যুকে শহরের শিল্প ও সংস্কৃতির জন্য ‘বড় ধরণের ক্ষতি’ হিসেবে উল্লেখ করেছেন।
১৯৪১ সালের ১৯ মে নিউ ইয়র্কে জন্মগ্রহণকারী নোরা বেভারলি হিলসে বেড়ে ওঠেন। নোরা তিনবার বিয়ে করেছেন ও তার দুই সন্তান রয়েছে।
সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরুর আগে স্বল্প সময়ের জন্য হোয়াইট হাউসে শিক্ষানবিশ হিসেবে কাজ করেছেন তিনি। খাবার, ফ্যাশন থেকে শুরু করে নারীবাদ বিষয়ে হাস্যরসাত্মক লেখার জন্য জনপ্রিয়তা পান নোরা।
সাংবাদিকতা দিয়ে শুরু করলেও পরে তিনি তার পেশা পরিবর্তন করে চলচ্চিত্রের দিকে ঝুঁকে পড়েন। ‘হোয়েইন হ্যারি মেট স্যালি’ ও ‘স্লিপলেস ইন সিয়েটল’ তার রোমান্টিক হাস্যরসাত্মকের মধ্যে অন্যতম। এছাড়াও বেশ কিছু মঞ্চ নাটকও লিখেছেন তিনি।
নোরা তার লেখা, প্রযোজিত বা পরিচালিত চলচ্চিত্রে প্রায়ই শক্তিশালী নারী চরিত্র ব্যবহার করতেন।
২০০০ সালে ‘হ্যাঙ্গিং আপ’ ও ‘লাকি নাম্বারস’ চলচ্চিত্র দু’টি ব্যবসাসফল না হওয়ার পর মঞ্চনাটক লেখা ও অনলাইন সংবাদ সাইট দ্য হাফিঙ্গটন পোস্টে ব্লগিং শুরু করেন তিনি।
নোরার চলচ্চিত্রগুলো ব্যাপক দর্শক জনপ্রিয়তা পেলেও তিনি কখনও চলচ্চিত্র শিল্পের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড পাননি।
ইন্টারনেট মুভি ওয়েবসাইট আইএমডিবিডটকম জানায়, মৃত্যুর আগে গায়িকা পেগি লি’র আত্মজীবনীমূলক চলচ্চিত্র নির্মানের কাজ হাতে নিয়েছিলেন নোরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৩৬ ঘ.
bdnews24