২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে সামরিক বাহিনীর গ্রেপ্তার ক্ষমতা রদ

মিশরের সেনারা জনসাধারণকে গ্রেপ্তারের ক্ষমতা হারিয়েছে আদালতের এক রায়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

কায়রো, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের সেনারা জনসাধারণকে গ্রেপ্তারের ক্ষমতা হারিয়েছে আদালতের এক রায়ে। সাধারণ মানুষকে গ্রেপ্তারের এখতিয়ার দিয়ে সরকারের জারি করা ডিক্রি মঙ্গলবার এক রায়ে উল্টে দিয়েছে মিশরের প্রশাসনিক আদালত। গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির এ সময়ে মিশরের সেনাবাহিনীর প্রায় নিরঙ্কুশ ক্ষমতা হাতে রাখার চেষ্টা এ ঘটনায় বিঘিœত হল। ১৩ জুনে বিতর্কিত প্রজ্ঞাপন জারি করে সর্বময় ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা নেয় মিশরের সেনাবাহিনী। কিন্তু মানবাধিকার গোষ্ঠীগুলো এর বিরুদ্ধে আদালতে আপিল করে। সেই আপিল পর্যালোচনার পরই আদালত এ রায় দিয়েছে। মিশরে কয়েক দশকের জরুরি আইন গত ৩১ মে উঠে যাওয়ার পর সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের গ্রেপ্তারের এখতিয়ার হারায়। পরবর্তীতে আবার ডিক্রি জারি করে সেনাবাহিনীর সে ক্ষমতা ফিরে পাওয়ার চেষ্টায় ক্ষুব্ধ হয় রাজনীতিবিদ ও আন্দোলনকর্মীরা। জরুরি আইন আবার চালু হতে পারে বলে আশঙ্কা দেখা দেয়। কায়রো আদালতের নতুন রায়ে সে শঙ্কা দূর হল বলেই মনে করা হচ্ছে। তবে আরো দু’টো মামলায় আদালতের রায় দেওয়ার কথা রয়েছে বলে জানানো হয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে। এর একটি হচ্ছে, পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়টি নিয়ে এবং অপরটি হচ্ছে নতুন সাংবিধানিক পরিষদের সাংবিধানিক ভিত্তি সংক্রান্ত রায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/২১০৬ঘ.