ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে ১৯ জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য অর্থমন্ত্রীর পদ ছাড়লেন কংগ্রেসের বর্ষীয়ান রাজনীতিবিদ প্রণব মুখার্জি।
মঙ্গলবার বিকালে ৭ রেসকোর্স রোডের বাসভবনে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করার পর পদত্যাগ করেন প্রণব। তার জায়গায় প্রধানমন্ত্রী মনমোহন সিং অর্থমন্ত্রণালয়ের বাড়তি দায়িত্ব নিচ্ছেন বলে জানিয়েছে এনডিটিভি।
অর্থমন্ত্রী হিসাবে শেষ বক্তব্যে প্রণব গণমাধ্যমের সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমি জানি আমাকে অনেক কিছুই জিজ্ঞেস করার আছে আপনাদের। কিন্তু আজ নতুন সংলাপ শুরুর দিন নয়।”
“আজ নতুন যাত্রা শুরুর দিন। ইউপিএ’র প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পেরে আমি সম্মানিত ও মর্যাদাবোধ করছি। এ সম্মান আমার হৃদয় ছূয়ে গেছে”, বলেন প্রণব।
চলার পথে সহকর্মীদের কথা সবসবয়ই মনে পড়বে জানিয়ে তিনি বলেন, “জীবনে বহুদূরে বহু জায়গায় গেছি, কিন্তু পশ্চিমবঙ্গের এক গ্রামে জন্মেছি- সেকথা কখনো ভুলিনি।”
প্রণব আরো বলেন, “আমার নেওয়া সব সিদ্ধান্ত সব সময় ঠিক হয়েছে এমন নয়, তবে আমি জনগণের সুবিধার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিয়েছি। আর গণমাধ্যম আমাকে সবসময় আমার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছে।”
“আমি যতদিন দায়িত্ব পালন করব গণমাধ্যম আমাকে এভাবেই দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেবে বলে আশা করি।”
প্রণবের পদত্যাগে ভারতে অর্থনীতির সবচেয়ে দুর্বল মুহূর্তে অর্থমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব নিচ্ছেন মনমোহন।
তবে ভারতে অর্থনৈতিক সংস্কারের জনক হিসাবে মনমোহন ব্যাপক স্বীকৃতি পেয়েছেন। আর তাই অর্থমন্ত্রীর দায়িত্ব তার হাতে থাকলে বিশ্ব স¤প্রদায় তাতে আস্থা পাবে বলেই মনে করা হচ্ছে।
ভারতের ক্ষমতাসীন ইউপিএ জোট প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রণব মুখার্জির নাম ঘোষণা করে ১৫ জুনে।
ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) বৈঠকে প্রণবকে মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কংগ্রেস পার্টির সভাপতি ও ইউপিএ জোটের চেয়ারপারসন সোনিয়া গান্ধী প্রেসিডেন্ট পদপ্রার্থীতার জন্য প্রণবের নাম ঘোষণা করেন।
প্রেসিডেন্ট পদে দলীয় প্রার্থী হিসেবে সোনিয়ার প্রথম পছন্দ ছিলেন প্রণব। নির্বাচিত হলে তিনিই হবেন দেশটির প্রথম বাঙালি রাষ্ট্রপতি।
প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না বলে ইতোমধ্যেই জানিয়েছেন এপিজে আব্দুল কালাম। ওদিকে, সমাজবাদী পার্টির নেতা মুলায়েম সিং যাদবও প্রণবের প্রতি সমর্থন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭১৩ঘ.
bdnews24