২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার পদস্থ সামরিক কর্মকর্তাদের দেশ ত্যাগ

সিরিয়ায় বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা দেশ ত্যাগ করে তুরস্কে পালিয়ে গেছেন। একইসঙ্গে প্রায় ৩৮ জন সেনা সদস্যও সিরিয়া ছেড়েছেন বলে সোমবার জানিয়েছে তুরস্কের গণমাধ্যম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 11:10 AM

Updated : 24 Aug 2022, 11:36 AM

আনকারা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা দেশ ত্যাগ করে তুরস্কে পালিয়ে গেছেন। একইসঙ্গে প্রায় ৩৮ জন সেনা সদস্যও সিরিয়া ছেড়েছেন বলে সোমবার জানিয়েছে তুরস্কের গণমাধ্যম। শুক্রবার সিরিয়ার সেনাদের গোলায় তুরস্কের এফ-৪ ফ্যান্টম বিমান ভূপাতিত হওয়া নিয়ে দু’দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে সেনা ও সামরিক কর্মকর্তাদের তুরস্কে পালানোর এ ঘটনা ঘটল। তুরস্কের রাষ্ট্রীয় টিভি জানায়, সিরিয়ার সামরিক বাহিনীর এক জেনারেল, দুই কর্নেল, দুই মেজর ও এক লেফটেনেন্টসহ ওই সেনা সদস্যরা রোববার রাতে হাতায় প্রদেশে প্রবেশ করেছে। দলবদ্ধভাবে পরিবার-পরিজনসহ তারা প্রায় ১৯৯ জন তুরস্কের হাতায় প্রদেশে পৌঁছায়। এরপর তাদেরকে সীমান্ত এলাকার কয়েক মাইল ভেতরে ‘আপায়দিন’ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে আনাতোলিয়া বার্তা সংস্থা । ওদিকে, সিএনএন তুর্ক টিভি চ্যানেলে বলেছে, তুরস্কে এখন ১৩ জন সিরীয় জেনারেল আছেন। সিরিয়ায় ২০১১ সালের মার্চে শুরু হওয়া আন্দোলন-সহিংসতার পর থেকে ৩৩ হাজারের বেশি লোক তুরস্কে পালিয়েছে। তুরস্ক কর্তৃপক্ষ ইতোপূর্বে ১২ জন সিরীয় জেনারেলের পক্ষত্যাগের খবর জানায়। গত সপ্তাহে সিরিয়ার বিমান বাহিনীর এক পাইলট পক্ষ ত্যাগ করে জর্ডানে আশ্রয় নেন। সর্বশেষ পরিবার-পরিজনসহ সিরিয়ার সামরিক বাহিনীর প্রায় দু’শ জনের তুরস্কে যাওয়ার এ ঘটনাকে বড় ধরনের পক্ষত্যাগের ঘটনা বলেই মনে করছেন সংবাদদাতারা। সিরিয়ার সশস্ত্র বাহিনী থেকে একে একে সরকার পক্ষত্যাগের ঘটনা ঘটছে গত বছর থেকেই। পক্ষত্যাগীদের বেশিরভাগই সিরিয়ায় সরকার বিরোধী পক্ষের সঙ্গে যোগ দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। তবে পক্ষত্যাগের ঘটনায় সিরিয়ার সামরিক শক্তিতে কোনো হেরফের ঘটার লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। তুরস্ক সরাসরি সিরিয়ার সরকার বিরোধীপক্ষ ‘ফ্রি সিরিয়ান আর্মি’ কে সহায়তা করছে। যে গোষ্ঠীটির অনেকেই সিরিয়ার পক্ষত্যাগী সেনা। এর জেরেই সিরিয়া তুরস্কের জঙ্গি বিমান গুলি করে ভূপাতিত করেছে বলে অনেকের ধারণা। বিমানটি বিধ্বস্ত হয়ে সিরীয় উপকূলে ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর থেকে দুই তুর্কি পাইলট নিঁখোজ রয়েছেন। দামেস্কের দাবি, সিরিয়ার আকাশসীমায় থাকাকালে বিমানটি ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে তুরস্ক বলছে, বিমানটি বিধ্বস্ত হয়ে ভূপাতিত হওয়ার সময় তা আন্তর্জাতিক আকাশ সীমায় ছিল। এ ইস্যুটি নিয়ে নেটো বৈঠক ডেকেছে তুরস্ক। সোমবার বিষয়টি নিয়ে তুরস্কের মন্ত্রিসভায় বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর ব্রাসেলসে বিষয়টি নিয়ে বৈঠকে বসবেন নেটো রাষ্ট্রদূতরা। নিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭০৬ঘ.