২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিধ্বস্ত বিমান নিয়ে নেটো বৈঠক ডেকেছে তুরস্ক

সিরীয় গোলার আঘাতে বিধ্বস্ত তুর্কি বিমানের বিষয়টি নিয়ে নেটো দেশগুলোর বৈঠক আহ্বান করেছে তুরস্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

আনকারা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরীয় গোলার আঘাতে বিধ্বস্ত তুর্কি বিমানের বিষয়টি নিয়ে নেটো দেশগুলোর বৈঠক আহ্বান করেছে তুরস্ক। শুক্রবার কোনো সতর্কবার্তা ছাড়াই সিরিয়া আন্তর্জাতিক আকাশসীমায় বিমানটি গুলি করে ভূপাতিত করেছে বলে রোববার দাবি করেছে তুরস্ক। ঘটনার প্রায় ৪৮ ঘন্টা পর তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতগলু রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি তে বলেন, এফ-৪ ফ্যান্টম জঙ্গি বিমানটিকে কে গুলি করার সময় এটি আন্তর্জাতিক আকাশসীমায় ছিল। কিন্তু সিরিয়া বিমানটি তাদের আকাশসীমায় ঢুকে পড়েছিল বলে দাবি করেছে। আর তাই এর বিরুদ্ধে করণীয় নিয়ে আলোচনা করতে তুরস্ক নেটো বৈঠক আহ্বান করেছে। সিরিয়া বিমান বিধ্বস্তের ঘটনার পর এক বিবৃতিতে জানিয়েছিল, তারা বুঝতে পারেনি বিমানটি তুরস্কের। কিন্তু দাভুতোগলু সে বিবৃতি নাকচ করে দিয়ে বলেছেন, বিমানটি যে তুরস্কের তা স্পষ্টই বোঝা যায়। জঙ্গি বিমান বিধ্বস্তের এ ঘটনায় সিরিয়ায় এক বছরের বেশি সময় ধরে চলা প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী বিক্ষোভে আন্তর্জাতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ হয়েছে। তুরস্ক সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মি’র (এফএসএ) সদস্যদের আশ্রয় দিচ্ছে এবং দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে, সিরিয়ার সঙ্গে সীমান্ত এলাকায় তাদের শরণার্থীদের থাকার ব্যবস্থা করেছে। কিন্তু বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করেছে তারা। ওই শরণার্থী শিবির থেকেই প্রায় ৫০ কিলোমিটার দূরে তুরস্কের জঙ্গি বিমানে গুলি চালিয়েছে সিরিয়া। দাভুতোগলু জানিয়েছেন, নেটো সনদের অনুচ্ছেদ-৪ অনুযায়ী তিনি ঘটনাটি এ সামরিক জোটের বৈঠকে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করতে চান। এ অনুচ্ছেদ অনুযায়ী, নেটো সদস্যভুক্ত কোন দেশের সীমান্ত নিয়ে বিরোধ দেখা দিলে, রাজনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপ হলে, দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়লে বা সদস্যভুক্ত কোন দেশ কোন বিষয়ে তাদের মতামত জানাতে চাইলে তারা একত্রে বিষয়টি নিয়ে আলোচনা করার অনুরোধ জানাতে পারে। তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্ল¬াহ গুল শনিবার বলেছেন, বিমান গুলি করে ভূপাতিত করার ঘটনাটি উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, “এ ধরনের ঘটনা ধামাচাপা দেওয়া যায় না, যে পদক্ষেপ নেওয়া উচিত তা নেওয়া হবে।” শনিবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতোগলু বিশ্বের নেতৃস্থানীয় দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, ইরান ও ইউ’র পররাষ্ট্রনীতি প্রধানকে ফোন করে ঘটনার বিষয়ে তাদের অবহিত করেছেন। তবে বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে কোনো সামরিক সংঘাতে না জড়ানোর ইঙ্গিত দিয়েছে দেশদু’টি। বিধ্বস্ত ওই বিমানের নিখোঁজ বৈমানিকদের খোঁজে সিরীয় ও তুর্কি বাহিনী যৌথ অভিযান পরিচালনা করছে। কিন্তু এখনও ভূমধ্যসাগরে ডুবে যাওয়া বিমানটির কোনো সন্ধান পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯২৪ঘ.