২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান বিধ্বস্তের ঘটনা উড়িয়ে দেওয়া যায় না: তুরস্ক

সিরিয়া তুর্কি জঙ্গি বিমান গুলি করে ভূপাতিত করেছে- এ ঘটনা উড়িয়ে দেওয়া যায় না। তবে বিমানটি সিরিয়ার আকাশ সীমা লঙ্ঘন করে থাকতে পারে বলে শনিবার মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2012, 01:08 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

আনকারা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়া তুর্কি জঙ্গি বিমান গুলি করে ভূপাতিত করেছে- এ ঘটনা উড়িয়ে দেওয়া যায় না। তবে বিমানটি সিরিয়ার আকাশ সীমা লঙ্ঘন করে থাকতে পারে বলে শনিবার মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল। তিনি বলেন, “এ ধরনের ঘটনা ধামাচাপা দেওয়া যায় না, যে পদক্ষেপ নেওয়া উচিত তা নেওয়া হবে।” তুর্কির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাতোলিয়া তার উদ্ধৃতি উল্লেখ করে এ খবর জানিয়েছে। গুল বলেন, জঙ্গিবিমানগুলোর গতির কারণে অনেকসময় আকাশসীমা পেরিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে যেতে পারে। তবে এর পেছনে কোনো দুরভিসন্ধি নেই। তুরস্কের আকাশ সীমাতেই বিমানটি বিধ্বস্ত করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। তিনি আরো জানান, দামেস্কের সঙ্গে আঙ্কারার টেলিফোনে যোগাযোগ হয়েছে এবং বিধ্বস্ত বিমান ও পাইলটদের অনুসন্ধান অভিযান এখনো চলছে। তুরস্ক এ বছরের শুরুর দিকে নিরাপত্তার কারণে সিরিয়া থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলেও দামেস্কর সঙ্গে যোগাযোগ করছে। গুল বলেছেন, সিরিয়া থেকে দূত প্রত্যাহার করলেও তার মানে এই নয় যে দুপক্ষে কোনো যোগাযোগ নেই। তুর্কি উপপ্রধানমন্ত্রী বুলেন্ত আরনিক বলেছেন, জঙ্গি বিমানটি অনুসন্ধান মিশনে ছিল। টিভি রিপোর্টে একথা বলা হয়েছে। তুরস্কের সেনাবাহিনী বলেছে, শুক্রবার মালাতার এরাক বিমানঘাঁটি থেকে উড়ে যাওয়ার প্রায় ৯০ মিনিট পর এফ-৪ ফ্যান্টম বিমানটির সঙ্গে বেতার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি হাতায় প্রদেশের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। পরে সিরিয়ার সামরিক বাহিনীর বিমানটির আকাশসীমা লঙ্ঘন করার কথা জানায়। তাদের দাবি, শুক্রবার ভূমধ্যসাগরের সিরীয় উপকূলে তাদের জলসীমায় অনেক নিচ দিয়ে উড়ে যাওয়ার সময় তুর্কি বিমানটিকে গুলি করা হয়। তুরস্ক সরকার জঙ্গি বিমান বিধ্বংসের এই ক্ষতির বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং সতর্কতার সঙ্গে লক্ষ্য করছে। ওদিকে, এ ঘটনার পর ১৬ মাস ধরে চলতে থাকা সিরিয়া সংকট নতুন মাত্রা পেয়েছে। বিমান বাহিনীর ওই জঙ্গি বিমানে গুলি ও দুই বৈমানিক নিখোঁজ হওয়ার ঘটনা স্বীকার করে তুরস্ক সরকার এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। এ বিষয়ে ‘যথাযথ পদক্ষেপ’ নেওয়া হবে বলেও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ইতোমধ্যেই হুঁশিয়ার করেছে তুরস্ক। তুরস্কের প্রধানমন্ত্রী তাইপে এরদোয়ান জানিয়েছেন, বিধ্বস্ত জঙ্গি বিমানের দুই বৈমানিকের সন্ধানে তল্লাশি চলছে। ঘটনার পরপরই তুর্কি প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী এরদোগান, সেনাপ্রধান, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় গোয়েন্দা দপ্তর প্রধান ও বিমানবাহিনী প্রধানের মধ্যে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক বিবৃতিতে তুর্কি প্রধানমন্ত্রীর দপ্তরেে ক জানানো হয়, “আমাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সংগ্রহ করা ত্য পর্যালোচনা করে এবং সিরিয়া ও তুরস্কের যৌথ তল্লাশি ও উদ্ধার তৎপরতা থেকে বোঝা গেছে আমাদের বিমানটি সিরীয় হামলায় বিধ্বস্ত হয়েছে।” “প্রকৃত ঘটনা কি ঘটেছে তা পরিস্কার হলেই তুরস্ক এ বিষয়ে চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।” বিমান বিধ্বস্তের ঘটনায় সিরিয়া ক্ষমা চেয়েছে বলে তুর্কি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এরদোগান কোনো মন্তব্য করেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৫৮ঘ.