২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে বিনামূল্যে ওষুধ পাবে ভারতীয়রা

চলতি বছর থেকেই ভারতের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ওষুধ পাবেন রোগীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2012, 09:40 AM

Updated : 24 Aug 2022, 11:36 AM

নয়া দিল্লী, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর থেকেই ভারতের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ওষুধ পাবেন রোগীরা। ভারতের স্বাস্থ্য সচিব এল সি গয়ালকে উদ্ধৃত করে শনিবার টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে জানানো হয়, ‘সবার জন্য বিনামূল্যে ওষুধ’ প্রকল্পের জন্য দেশটির পরিকল্পনা কমিশন ইতোমধ্যে ১০০ কোটি রুপি বরাদ্দের অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রস্তাবিত ও সমর্থিত উচ্চাভিলাষী এ কর্মসূচিকে একটি ‘গেইম চেইঞ্জিং’ উদ্যোগ হিসাবে উল্লেখ করে সচিব বলেন, “আগামী অক্টোবর থেকেই এর বাস্তবায়ন শুরু হচ্ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারতে এই প্রকল্পের জন্য ব্যায় ধরা হয়েছে ২৮ হাজার ৫৬০ কোটি রুপি। বর্তমানে ২২ শতাংশ ভারতীয় সরকারি স্বাস্থ্য সেবা খাতের আওতায় বিনামূল্যে ওষুধ পেয়ে থাকে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, পুরো ভারতকে পর্যায়ক্রমে এ প্রকল্পের আওতায় আনা হবে। ২০১৭ সাল নাগাদ এক লাখ ৬০ হাজার উপকেন্দ্র, ২৩ হাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, পাঁচ হাজার কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র ও ৬৪০টি জেলা হাসপাতালের মাধ্যমে দেশটির ৫২ শতাংশ মানুষ এ সেবা পাবে। হাসপাতালে বিনামূল্যে বিতরণের জন্য ৩৪৮টি ওষুধের একটি তালিকা ইতোমধ্যে সবগুলো রাজ্যে পাঠিয়ে দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে এইচআইভি চিকিৎসায় ব্যবহৃত ওষুধও রয়েছে। স্বাস্থ্য সচিব এল সি গয়াল জানান, ওই তালিকা থেকে নিজেদের প্রয়োজনীয় ওষুধ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কিনতে পারবে রাজ্য সরকারগুলো। প্রতিটি ওষুধের প্যাকেটের গায়ে ‘বিক্রির জন্য নয়’ সিল লাগানো থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/জেকে/১৩০৯ ঘ.