২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রণব গুরু হলেও গণতন্ত্রের স্বার্থে প্রতিদ্বন্দ্বিতা: সাংমা

ভারতের পরবর্তী প্রেসিডেন্ট পদে প্রণব মুখোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী হতে যাওয়া পি এ সাংমা বলেছেন, প্রণব মুখোপাধ্যায় তার রাজনৈতিক গুরু। তবে গণতেন্ত্রর স্বার্থে তার বিরুদ্ধে লড়বেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2012, 12:42 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের পরবর্তী প্রেসিডেন্ট পদে প্রণব মুখোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী হতে যাওয়া পি এ সাংমা বলেছেন, প্রণব মুখোপাধ্যায় তার রাজনৈতিক গুরু। তবে গণতেন্ত্রর স্বার্থে তার বিরুদ্ধে লড়বেন তিনি। শুক্রবার এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। প্রেসিডেন্ট পদে লড়াইয়ের জন্য ইতোমধ্যে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমর্থন পাওয়া সাংমা বলেন, "প্রণবদার বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। তবে গণতন্ত্র বলতে প্রতিযোগিতা, আলোচনা ও বিতর্ক বোঝায়।" এ সময় প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সরাসরি বিতর্কে অংশ নেওয়ারও আগ্রহ প্রকাশ করেন ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ লোকসভার সাবেক এ স্পিকার। মেঘালয়ের মুখ্যমন্ত্রী সাংমা বলেন, তিনি কোনো একক দলের প্রার্থী নন। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কথা হয়েছে। এপিজে আব্দুল কালাম প্রার্থী না হলে মমতা তাকে সমর্থন করবেন বলে জানিয়েছেন। কালাম ইতোমধ্যেই প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন। অবশ্য দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার জন্য ইতোমধ্যেই নিজের প্রতিষ্ঠিত দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন সাংমা। এদিকে প্রণব মুখোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী হিসাবে সাংমাকে সমর্থনের কথা বৃহস্পতিবার ঘোষণা করে বিজেপি। তবে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের (এনডিএ) দুই গুরুত্বপূর্ণ শরিক দল শিব সেনা ও জনতা দল (ইউনাইটেড) সাংমাকে সমর্থনে অস্বীকৃতি জানিয়েছে। গত ১৫ জুন ক্ষমতাসীন সম্মিলিত প্রগতিশীল মোর্চা'র (ইউপিএ) প্রার্থী হিসাবে অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের নাম ঘোষণার পর তাকে সমর্থনে সম্মতি দেয় বিরোধী জোটের এ দুই শরিক দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৮২৩ ঘ.