২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেপি’র মনোনীত প্রার্থী পিএ সাংমা

ভারতের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ইউপিএ’র প্রার্থী প্রণব মুখার্জির প্রতিদ্বন্দ্বী হিসাবে পিএ সাংমাকে মনোনীত করেছে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

নয়া দিল্লি, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ইউপিএ’র প্রার্থী প্রণব মুখার্জির প্রতিদ্বন্দ্বী হিসাবে পিএ সাংমাকে মনোনীত করেছে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপি বলেছে, অর্থমন্ত্রী প্রণব মুখার্জিকে প্রেসিডেন্ট পদপ্রার্থী করার ‘একপাক্ষিক’ সিদ্ধান্ত নেওয়ার পর তাকে সমর্থন জানানোর অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী অনেক দেরী করে ফেলেছেন। ১৫ জুন ক্ষমতাসীন সম্মিলিত প্রগতিশীল মোর্চা’র (ইউপিএ) প্রার্থী হিসাবে অর্থমন্ত্রী প্রণব মুখার্জির নাম ঘোষণা করে কংগ্রেস। বিজেপির নেত্রী সুষমা স্বরাজ বলেন, মতৈক্যের পূর্বশর্তই হচ্ছে আলোচনা। তবে স্বরাজ স্বীকার করেছেন যে, বিজেপি’র দুই গুরুত্বপূর্ণ অংশীদার শিব সেনা ও জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউ’র নিতিশ কুমার সাংমাকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তাদের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাজ। ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি এ খবর জানিয়েছে। এদিকে সাংমার পক্ষে সমর্থন আদায়ের জন্য তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির সমর্থন আদায়ের চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন বিজেপি’র নেতা অরুণ জেটলি। মমতা ক্ষমতাসীন জোটের অংশীদার হলেও তিনি প্রণব মুখার্জির প্রার্থিতার বিরোধিতা করেছেন। প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে মমতার পছন্দের প্রার্থী ছিলেন সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম। কিন্তু কালাম প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে আনুষ্ঠানিকভাবে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মনোনয়নের পাওয়ার পর সাংমা তাকে সমর্থনকারী সব দলকেই ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া মমতার প্রসঙ্গে তিনি বলেছেন, “মমতা ব্যানার্জির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে তার প্রার্থীকে সমর্থনের অনুরোধ জানিয়েছিল। এখন কালাম যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করছেন না, তাই আমার মনে হয় মমতা ব্যানার্জি আমাকেই সমর্থন করবেন।” তবে মমতা ব্যানার্জি সমর্থন জানালেও ভোটের অঙ্ক বলছে, সাংমার প্রেসিডেন্ট হওয়ার কোন সম্ভাবনা নেই। বিজেপি এ কথা স্বীকার করে বলেছেন, নীতিগত কারণে আমরা মুখার্জির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করব। গণতন্ত্রের স্বার্থে নির্বাচন প্রক্রিয়াকে সচল রাখার জন্য তারা নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন জেটলি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১২ঘ.