ইসলামাবাদ, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তান-ইরান সীমান্তের কাছাকাছি এলাকা থেকে আল কায়েদার “গুরুত্বপূর্ণ” এক নেতাকে আটক করেছে পাকিস্তান। বুধবার জানিয়েছেন পাকিস্তানের কর্মকর্তারা।
আটক আল কায়েদার ওই নেতার নাম নামেন মেজিচি।তিনি আলজেরিয়ান বংশদ্ভূত ফরাসি নাগরিক। ইউরোপের আল কায়েদার জঙ্গিদের সঙ্গে তার যোগাযোগ আছে বলে ধারণা করা হয়।
কোথা থেকে কখন মেজিচিকে ধরা হয়েছে সে সম্পর্কে পাকিস্তানি কর্মকর্তারা বিস্তারিত কিছু জানাননি।
গণমাধ্যমে প্রকাশিত খবরেনিউইয়র্কের টুইন টাওয়ার হামলার (৯/১১) সঙ্গে মেজিচির জড়িত থাকার সম্ভবনার কথা প্রকাশিত হয়েছে।
আল কায়েদার ১১ জনের একটি দলের নেতৃত্ব দিতেন মেজিচি। আফগানিস্তানে মোতায়েন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে লড়াই করার লক্ষ্যে ২০০৯ সালে দলটি জার্মানি ছেড়ে আসে।
পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, আল কায়েদা নেতা ইউনুস আর মৌরিতানি’র সঙ্গে মেজিচি ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। আল কায়েদার আন্তর্জাতিক অভিযানগুলোর নেতৃত্ব দিতেন মৌরিতানি।
গত সেপ্টেম্বরে পাকিস্তানি কর্তৃপক্ষ মৌরিতানিকে আটক করেছে।
জঙ্গিদের মোকাবেলায় পাকিস্তান যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করে আসছিল যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা আফগানিস্তানে তার সর্বশেষ সফরে বলেছেন, পাকিস্তান জঙ্গিদের অভয়ারণ্য হিসেবে থেকে গেলে প্রতিবেশি আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনা কঠিন হবে।
ইসলামাবাদের বিষয়ে ওয়াশিংটন তার ‘ধৈর্য্যরে শেষ সীমায় চলে যাচ্ছে’ বলেও এ সময় উল্লেখ করেছিলেন প্যানেট্টা।
যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপেই পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বলে মত প্রকাশ করেছেন পশ্চিমা বিশ্লেষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৪৪৭ ঘ.
bdnews24