বার্গেন, নরওয়ে, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুই দশক পর গৃহবন্দিত্ব থেকে মুক্তি পেয়ে ইউরোপ সফরে করছেন মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি। যেখানেই তিনি যাচ্ছেন সেখানেই তাকে বিপুল সংবর্ধনা দেওয়া হচ্ছে। সচরাচর বিপুল মানুষের এই উচ্ছ্বাস ‘পপ স্টার’দের ঘিরেই দেখা যায়। কিন্তু শান্তিতে নোবেল জয়ী সু চিকে ঘিরেই এমন পরিস্থিতিরই সৃষ্টি হচ্ছে।
১৯৯১ সালের নোবেল পুরস্কার ও ১৯৯০ সালে বার্গেন ভিত্তিক র্যাফটো ফাউন্ডেশন ঘোষিত মানবাধিকার পুরস্কার গ্রহণে শুক্রবার নরওয়ের অসলো যান সু চি।
অসলোতে পৌঁছানোর পরপরই ফুল ছিটিয়ে স্বাগত জানানো হয় তাকে। তাকে ধন্যবাদ জানাতে বরফ বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় জড়ো হয় ১২ হাজার মানুষ। তারা চিৎকার করে, গান গেয়ে ও নেচে গ্র্যান্ড হোটেলে স্বাগত জানায় সু চিকে। আর রাজা হেরাল্ডও অভ্যর্থনা জানান তাকে।
রোববার নরওয়ের দ্বিতীয় বৃহত্তম শহর বারগেনে পৌঁছানোর পর একইভাবে হাজার হাজার জনগণের ভালোবাসায় সিক্ত হন সু চি (৬৬)।
তাকে এক নজর দেখতে আসা জনগনের ভিড়ে যোগ দেওয়া ব্রিগট ওলাভ গাসডাল বলেন, “আমরা তার মুক্তির জন্য দীর্ঘদিন লড়াই করেছি এবং অবশেষে তিনি এখানে আসতে পেরেছেন।
“সু চি মিয়ানমার ছাড়তে পারতেন, তার সংগ্রামও ছেড়ে দিতে পারতেন। তার এই অবিশ্বাস্য আত্মত্যাগ ও অঙ্গীকার উদযাপন করতে চাই আমি।”
এদিকে বারগেনের ঐতিহাসিক ওয়াটারফ্রন্টের কাছে হাজার হাজার জনগণের উদ্দেশে সুচি বলেন, “তাৎক্ষণিকভাবে দূর থেকে কোনো রাস্তার শেষ নয় বরং সেখানে পৌঁছানোর সঠিক উপায় দেখতে হবে আমাদের।
“আমার জন্য একটা পদক্ষেপই যথেষ্ট। সঠিক পদক্ষেপ গ্রহণের জন্য যথেষ্ট আলো থাকলে আমরা নিরাপদে ও শান্তিপূর্ণভাবে আমাদের লক্ষ্যে পৌঁছাবো।”
১৯৮৯ সালে গৃহবন্দি করা হয় সুচিকে। মোট ১৫ বছর গৃহবন্দি থেকে ২০১০ সালের শেষ নাগাদ মুক্তি পান তিনি। মাঝে অল্প সময়ের জন্য মুক্তি পেলেও দেশে ফিরতে পারবেন কিনা সে আশঙ্কায় দেশ ছেড়ে কোথাও যান নি তিনি।
এ বছর সংসদীয় উপ নির্বাচনে জয়ী হয়েছেন সু চি।
মিয়ানমারের রাজনৈতিক এ পরিবর্তনকে স্বাগত জানিয়ে পূর্ণাঙ্গ গণতন্ত্রের পথে এগোতে উৎসাহিত করতে দেশটির উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২২৫ ঘ.
bdnews24