মিরানশাহ, পাকিস্তান, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে পোলিও টিকাদান কর্মসূচি নিষিদ্ধ করেছে তালেবানরা।
কোনো দল টিকা দিতে আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে শনিবার হুমকি দিয়েছে তারা।
যুক্তরাষ্ট্রের চালকবিহীন (ড্রোন) বিমান হামলার প্রতিবাদে তালেবানরা এ কর্মসূচি নিষিদ্ধ করেছে। ড্রোন হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র নিরীহ নারী শিশুদের হত্যা করছে বলে অভিযোগ করেছে তারা।
তালেবান ও আল কায়েদা অধ্যুষ্যিত আদিবাসী অঞ্চল উত্তর ওয়াজিরিস্তানে হাফিজ গুল বাহাদুরের নেতৃত্বাধীন জঙ্গি গোষ্ঠী বলেছে, যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র পাকিস্তানে ড্রোন হামলা চালাবে ততদিন পর্যন্ত টিকাদান কার্যক্রম চালাতে দেওয়া হবে না।
তাছাড়া, পোলিও টিকা কর্মসূচির নামে যুক্তরাষ্ট্র গোয়ান্দা তৎপরতা চালায় বলেও অভিযোগ করেছে তালেবানরা।
এ প্রসঙ্গে তারা ডা. শাকিল আফ্রিদির ঘটনাটির কথা উল্লেখ করে জানায়, টিকাদান কর্মসূচির মাধ্য দিয়ে ওই চিকিৎসক সিআইএ’কে বিন লাদের খোঁজ পেতে সহায়তা করেছিল বলে তাকে কারাদন্ড দিয়েছে পাকিস্তান।
বিশ্বের যে কয়েকটি দেশে এখনো পেলিও ভাইরাস আছে পাকিস্তান তাদের একটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৪ঘ.
bdnews24