ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন ইউপিএ জোট মনোনীত প্রার্থী প্রণব মুখোপাধ্যায়ের রয়েছে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা।
পশ্চিমবঙ্গের সন্তান প্রণব প্রথম পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন ৪৩ বছর আগে। দেশটির মন্ত্রীর দায়িত্ব পান ৩৯ বছর আগে। ঠিক ৩০ বছর আগে প্রথমবারের মতো ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব নেন তিনি।
শিগগিরই হয়তো তাকে ভারতের রাষ্ট্রপতি হিসেবে নতুন দায়িত্বে দেখা যাবে।
বর্তমানে আবারও ভারতের অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা ৭৬ বছর বয়সী প্রণব গত ৪০ বছরে প্রায় প্রতিটি কংগ্রেস সরকারের মন্ত্রিসভাতেই ঠাঁই পেয়েছেন।
১৯৩৫ সালের ১১ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কির্নাহর শহরের নিকটবর্তী মিরাটি গ্রামে কামাদা কিঙ্কর মুখোপাধ্যায় ও রাজলক্ষ্মীর ঘরে জন্ম নেন প্রণব। বাবা কিঙ্কর মুখোপাধ্যায়ও কংগ্রেসের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি, ইতিহাস ও আইনে লেখাপড়া শেষে শিক্ষক, সাংবাদিক ও আইনজীবী হিসেবে কাজ করেন প্রণব। এরপর ১৯৬৯ সালে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন তিনি। এরপর গত ৩০ বছরে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষার মতো একের পর এক ভারতের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
প্রণবের রক্তে মিশে আছে কংগ্রেসের রাজনীতি। অবশ্য একবার বিদ্রোহীর ভূমিকাতেও দেখা যায় এই বর্ষীয়ান নেতাকে। ১৯৮৪ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত হওয়ার পর দলীয় কোন্দলের কারণে কংগ্রেস থেকে সরে যান প্রণব। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর তার ছেলে রাজীব গান্ধী কংগ্রেস ও সরকার প্রধানের দায়িত্ব নেন। তার মন্ত্রিসভায়ও ছিলেন না প্রণব মুখোপাধ্যায়।
তখন কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস নামে একটি রাজনৈতিক দলের যাত্রা শুরু করেন প্রণব মুখোপাধ্যায়। ১৯৯১ সালে পি ভি নরসিমা রাও ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রণব মুখোপাধ্যায়কে কংগ্রেসে ফিরিয়ে এনে পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান করা হয়।
সরকারে দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদেও দায়িত্ব পালন করেছেন প্রণব।
রাজনীতির মতো রবীন্দ্র সঙ্গীতের প্রতিও গভীর ভালো লাগা রয়েছে তার। ১৯৫৭ সালের শুভ্রা মুখোপাধ্যায়কে বিয়ে করেন তিনি। তাদের ঘরে রয়েছে দুই ছেলে অভিজিত ও ইন্দ্রজিৎ এবং এক মেয়ে শর্মীষ্ঠা। বড় ছেলে অভিজিত মুখোপাধ্যায়ও কংগ্রেসের রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার একজন বিধায়ক। আর মেয়ে শর্মীষ্ঠা নৃত্যশিল্পী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এসইউ/২১০৭ ঘ.
bdnews24