২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার সেনারা‘হাফা পুনর্দখল করেছে’

সিরিয়ায় সহিংস সংঘর্ষের পর বিদ্রোহীদের কাছ থেকে পশ্চিমাঞ্চলীয় পার্বত্য শহর হাফা আবারো সেনাদের দখলে চলে এসেছেবলে দাবি করেছে আসাদ সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 10:13 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

বৈরুত, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ায় সহিংস সংঘর্ষের পর বিদ্রোহীদের কাছ থেকে পশ্চিমাঞ্চলীয় পার্বত্য শহর হাফা আবারো সেনাদের দখলে চলে এসেছেবলে দাবি করেছে আসাদ সরকার। সিরিয়ার কর্মকর্তারা বলেছেন, হাফাকে ‘সন্ত্রাসমুক্ত’ করে সেখানে শান্তবস্থা ফিরিয়ে আনা হয়েছে। হাফায় উভয় পক্ষেই হতাহতের অনেক ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের পর্যবেক্ষকরা মঙ্গলবার ওই শহরে যেতে চাইলেও তাদের দিকে গুলি চালানোয় ফিরে আসতে বাধ্য হন তারা। ওদিকে একজন জাতিসংঘ কর্মকর্তা হাফার সংঘর্ষকে গৃহযুদ্ধ বলে অভিহিত করলেও উভয় পক্ষই ওই মন্তব্য প্রত্যাখ্যান করেছে। সিরিয়া সরকারের দাবি, তারা সন্ত্রাসী গোষ্ঠী ও বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনান প্রণীত শান্তি পরিকল্পনা কতখানি বাস্তবায়ন হচ্ছে তা পর্যবেক্ষণের জন্য সিরিয়ায় কাজ করে যাচ্ছেন জাতিসংঘ পর্যবেক্ষকরা। তবে শান্তি পরিকল্পনার অংশ হিসেবে এপ্রিলে দেশটিতে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও প্রকৃতপক্ষে তা বাস্তবায়িত হয়নি। এ মাসের শুরুর দিকে সিরিয়ার সেনারা হোমস প্রদেশের হউলা এলাকায় ১০৮ জন এবং হামা প্রদেশের কোয়াবাইর গ্রামে ৭৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিদ্রোহীরা। জাতিসংঘ জানিয়েছে, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনাবসানের দাবিতে ২০১১ সালের মার্চ থেকে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত কমপক্ষে ৯ হাজার মানুষ নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৪৯ঘ.