বাগদাদ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রাজধানী বাগদাদে ইসলাম ধর্মাবলম্বী শিয়া সম্প্রদায়ের তীর্থযাত্রীদের ওপর রোববার দু’টি মর্টার বোমা হামলায় অন্ততপক্ষে ৬ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছে। পুলিশ ও হাসপাতালসূত্রে এ খবর জানা গেছে।
যদিও ইরাকজুড়ে সহিংসতা ও হামলার ঘটনা কমে এসেছে কিন্তু এরপরও আল কায়েদা সম্পৃক্ত দেশটির সুন্নি জঙ্গিরা এখনো প্রাণঘাতী হামলা চালাতে সক্ষম।
শিয়া-সুন্নিদের মধ্যে বিভাজন দেশটিতে ২০০৬-০৭ কালপর্বে সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দেয়।গত বছরের ডিসেম্বরে ইরাক থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী চলে যাওয়ার পর ক্ষমতা ভাগাভাগিকে কেন্দ্র করে ইরাকের শিয়া, সুন্নি ও কুর্দিদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা বেড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে দেশটিতে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়।
রোববার বাগদাদের উত্তরপশ্চিমাঞ্চলীয় কাদিমিয়া জেলার কুরাইশ চত্ত্বরে এই হামলা চালানো হয়। মধ্যযুগের শিয়া ইমাম মুসা আল কাদিমের মৃত্যুবার্ষিকী পালনের লক্ষ্যে ওই চত্ত্বরে জড়ো হয়েছিলেন শিয়ারা।
পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ২০০৫ সালে এই দিবস উদযাপন উপলক্ষ্যে হুড়োহুড়িতেপদপিষ্ট হয়ে অন্ততপক্ষে ১ হাজার মানুষ নিহত হয়। ইমামের সেতুতে বোমা হামলা হয়েছে গুজবে ওই হুড়োহুড়ির ঘটনা ঘটে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নিরাপত্তা বাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। পাশাপাশি কাদিমিয়া জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইমাম কাদিমের মাজার জিয়ারতকে কেন্দ্র করে আর কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে জন্যেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ওই অঞ্চলে সোমবার থেকে অ্যাম্বুলেন্স ছাড়া অন্য যে কোনো ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারাই ওই অঞ্চলে প্রবেশ করবে তাদের দেহ তল্লাশি করা হবে।
গত সোমবার বাগদাদের কেন্দ্রে শিয়া মুসলিমদের একটি কার্যালয়ে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হলে অন্ততপক্ষে ২৬ জন নিহত ও ১৯০ জন আহত হয়।
আল কায়েদা সম্পৃক্ত ইরাকের একটি গোষ্ঠী ওই হামলা চালিয়েছে বলে রোববার অনলাইনে দাবি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২২৭ ঘ.
bdnews24