ওয়াশিংটন, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের খোঁজ দিতে পারলে মুরগি ও উট পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সোমালির ইসলামি মৌলবাদী গোষ্ঠী।
আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীর নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার বিনিময়ে লাখ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণাকে উপহাস করে মুরগি ও উট দেওয়ার ঘোষণা দেয় এই জঙ্গি সংগঠনটি।
সোমালিয়ার শাবাব আল মুজাহিদিন আন্দোলনের নেতা ফুয়াদ মোহাম্মাদ খালাফ শুক্রবার জুমা নামাজের পর এই ঘোষণা দেন বলে এসআইটিই গোয়েন্দা গোষ্ঠী জানায়। এসআইটিই জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা পর্যবেক্ষণ করে থাকে।
পুরস্কার ঘোষণার কালে ফুয়াদ বলেন, “যে ব্যক্তি নির্বোধ ওবামার গোপন আস্তানার খোঁজ দিতে পারবে তাকে ১০টি উট পুরস্কার দেওয়া হবে। আর যিনি বৃদ্ধানারী হিলারি ক্লিনটনের গোপন আস্তানার খোঁজ জানাতে পারবে তাকে ১০টি মুরগি ও ১০টি মোরগ পুরস্কার দেওয়া হবে।”
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমালিয়ার খালাফ এবং তার তিন সহযোগীর খোঁজ দিতে পারলে প্রত্যেকের জন্য পৃথকভাবে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দেয়।
এ ছাড়া আল শাবাবের প্রতিষ্ঠাতা ও কমান্ডার আহমেদ আবদি আও মোহামেদের তথ্য দিতে পারলে ৭০ লাখ মার্কিন ডলার এবং আরো দুই শীর্ষ কর্মকর্তার জন্য ৩০ লাখ মার্কিন ডলারের পুরস্কারের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
চলতি বছরের ফেব্র“য়ারিতে আল কায়েদার পক্ষ থেকে জানানো হয়, ২০০৮ সালে যুক্তরাষ্ট্র কর্তৃক সন্ত্রাসী গোষ্ঠীর তালিকাভুক্ত আল শাবাব আল কায়েদায় যোগ দিয়েছে।
সোমালিয়ার বড় একটি অংশ নিয়ন্ত্রণকারী আল শাবাব দেশটির দক্ষিণাঞ্চলে কেনিয়ার সেনাবাহিনীর, মধ্যাঞ্চলে ইথিওপিয়ার সেনাবাহিনী এবং রাজধানী মোগাদিশুতে আফ্রিকান ইউনিয়নের সেনাবাহিনীর চাপের মুখে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৫৯ ঘ.
bdnews24