২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় আইসিসি আইনজীবী আটক

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামের সাথে দেখা করতে গিয়ে তার জন্য সন্দেহজনক কয়েকটি চিঠি বহনের অভিযোগে আটক হয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের একজন মহিলা আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2012, 04:13 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ত্রিপোলি, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামের সাথে দেখা করতে গিয়ে তার জন্য সন্দেহজনক কয়েকটি চিঠি বহনের অভিযোগে আটক হয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের একজন মহিলা আইনজীবী। সাইফের সাথে দেখা করতে আইসিসির চারজন প্রতিনিধি শনিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় পার্বত্য শহর জিনতানে যান। ওই চারজনের মধ্যে মেলিন্দা টেইলর নামে অস্ট্রেলিয়ান এক আইনজীবী সাইফকে কয়েকটি চিঠি দেওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। লিবিয়ান আইনজীবী আহমেদ আল-জেহানি বলেছেন, “দেখা করার সময় ওই আইনজীবী তাকে এমন কিছু নথি বা চিঠি দেওয়ার চেষ্টা করে যা লিবিয়ার নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।” আল-জেহানি সাইফ আল-ইসলামের মামলা পরিচালনা এবং লিবিয়ান সরকার ও হেগ-ভিত্তিক আইসিসি’র মধ্যে যোগাযোগকারী হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি বলেছেন, “তাকে কারাগারে রাখা হয়নি। তাকে একটি গেস্ট হাউজে আটক রাখা হয়েছে। তার সহকর্মীরাও তার সাথে আছে।” টেইলরকে শিগগিরই ছাড়া হবে কিনা জানতে চাওয়া হলে জেহানি জানান, “আমার মনে হয় আজকেই।” এ ব্যাপারে মন্তব্য করার জন্য তাৎক্ষণিকভাবে কোন আইসিসি মুখপাত্রকে পাওয়া যায়নি। উল্লেখ্য, গত নভেম্বরে বিদ্রোহীদের হাতে ধরা পড়ার পর থেকে সাইফ আল-ইসলাম জিনতানেই আটক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২১৫৫ ঘ.