২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে নিয়ে ধৈর্য্য হারা যুক্তরাষ্ট্র: পানেট্টা

আফগানিস্তানের জঙ্গিদের জন্য পাকিস্তান নিরাপদ স্বর্গে পরিণত হওয়ায় দেশটি নিয়ে যুক্তরাষ্ট্রের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিও পানেট্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 01:43 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

কাবুল, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের জঙ্গিদের জন্য পাকিস্তান নিরাপদ স্বর্গে পরিণত হওয়ায় দেশটি নিয়ে যুক্তরাষ্ট্রের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিও পানেট্টা। ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে সম্পর্কের উত্তেজনা বোঝাতে এর আগে কোন মার্কিন কর্মকর্তা এত কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করেননি। আফগান সফরে গিয়ে পানেট্টা বলেন, “যতদিন পর্যন্ত পাকিস্তানে সন্ত্রাসীদের ঘাঁটি আছে ততদিন পর্যন্ত আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা করা কঠিন হয়ে দাঁড়াবে।” আফগানিস্তান সফরে গিয়ে এসব কথা বলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। দেশটিতে আবারো সহিংসতা বৃদ্ধি পাওয়ার এ সময়টিতে সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে পানেট্টা কাবুল সফরে গেছেন। সেখানে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “জরুরি ভিত্তিতে (জঙ্গি দমনে) পাকিস্তানের পদক্ষেপ নেওয়া উচিত। জঙ্গিদের জন্য দেশটি নিরাপদ স্বর্গে পরিণত হওয়ার ইস্যুটি নিয়ে (যুক্তরাষ্ট্রের) উদ্বেগ ক্রমশ বাড়ছে এবং আমরা ধৈর্যের সীমা হারিয়ে ফেলছি।” ভারত সফর করার পরপরই পানেট্টা এ মন্তব্য করলেন। ভারত সফরকালে আফগানিস্তানের বিষয়ে নয়া দিল্লি¬কে আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আফগান জঙ্গি ছাড়াও পাকিস্তানের হাক্কানি জঙ্গি গোষ্ঠী দমনে দেশটিকে বারবার চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, পাকিস্তানে লুকিয়ে থাকা ওই জঙ্গিরাই আফগানিস্তানে মার্কিন সেনাদের ওপর হামলা চালিয়ে আসছে। ওদিকে, ইসলামাবাদকে না জানিয়ে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে হত্যার জন্য যুক্তরাষ্ট্র দেশটিতে গোপন হামলা চালানোর বিষয়টিকে পাকিস্তান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন বলে মনে করেছে। আফগান সীমান্তবর্তী পাকিস্তানি ভূখন্ডে জঙ্গিদের ওপর হামলা চালানোকেও তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত বলে মনে করছে অনেক পাকিস্তানি। অন্যদিকে, যুক্তরাষ্ট্র বারবার পাকিস্তানকে জঙ্গি দমনে অভিযান চালানোর আহ্বান জানালেও পাকিস্তানের কাছ থেকে সন্তোষজনক সাড়া পাচ্ছে না। বরং সিআইএ’কে সহায়তা করার অভিযোগে এক পাকিস্তানি চিকিৎসকের কারাদন্ড দেওয়ায় স¤প্রতি ওয়াশিংটন ও ইসলামাবাদের সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এবার ভারতের সঙ্গে সামরিক সহযোগিতার আহ্বানের পর পাকিস্তান সম্পর্কে পানেট্টার ওই মন্তব্য দুই দেশের সম্পর্কের ফাটলকে আরো তীব্র করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। ২০১৩ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উষ্ণ করতে কোন পাক রাজনীতিকই এখন ওয়াশিংটনের প্রতি কোমল দৃষ্টিপাত করতে চাচ্ছেন না। ঠিক একই ঘটনা ঘটছে যুক্তরাষ্ট্রেও। দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ওসামা বিন লাদেন যে দেশে লুকিয়ে ছিল সেই দেশকে কোন বিষয়ে ছাড় দিতে চাইছে না মার্কিন সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭১৬ঘ.