২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ফের হত্যাকাণ্ড, পর্যবেক্ষকদের গুলি

সিরিয়ায় সরকারপন্থি বাহিনী নতুন করে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে হামা প্রদেশে। একটি মাত্র গ্রামেই নিহত হয়েছে ৭৮ জন। ঘটনা খতিয়ে দেখার চেষ্টারত জাতিসংঘ পর্যবেক্ষকদের ওপরও চলেছে গুলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 11:42 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

বৈরুত, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সিরিয়ায় সরকারপন্থি বাহিনী নতুন করে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে হামা প্রদেশে। একটি মাত্র গ্রামেই নিহত হয়েছে ৭৮ জন। ঘটনা খতিয়ে দেখার চেষ্টারত জাতিসংঘ পর্যবেক্ষকদের ওপরও চলেছে গুলি। সরকারবিরোধী আন্দোলনকর্মীরা জানিয়েছে, সরকার-সমর্থিত মিলিশিয়ারা মাজরাত-আল-কুবেইর গ্রামে মানুষকে ছুরিকাঘাত করে এবং গুলি করে লোকজনকে হত্যা করেছে। স্থানীয় কয়েকটি সমন্বয় কমিটি জানায়, গ্রামটিতে ৭৮ জন নিহত হয়েছে। এর মধ্যে ৩৫ জন একই পরিবারের সদস্য। নিহতদের ৪০ জন নারী ও শিশু। বুধবার ওই গ্রামে গোলা হামলায় তারা নিহত হয়। পরে সেনারা গ্রামে ঢুকে বাকীদের ছুরিকাঘাত এবং গুলি করে মারে। দামেস্ক এ হত্যাকাণ্ডের কথা অস্বীকার করে এ দায় ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর ওপর চাপিয়েছে। দু’পক্ষের কারো দাবিরই সত্যাসত্য যাচাই করা যায়নি। তবে আন্দোলনকর্মীরা বলছে, বুধবার সিরিয়াজুড়ে ১৪০ জন নিহত হয়েছে। হউলা শহরে হত্যাকাণ্ডে ১০৮ জন নিহত হওয়ার দু’সপ্তাহেরও কম সময়ের মধ্যে হামায় এ হত্যার ঘটনা ঘটল। জাতিসংঘ পর্যবেক্ষকরা বৃহস্পতিবার হামার মাজরাত-আল-কুবেইর গ্রামে পৌঁছানোর চেষ্টা নিলে সেনা তল্লাশি কেন্দ্রে তাদেরকে বাধা দেওয়া হয়। পরে পর্যবেক্ষক দলের প্রধান জানান, গ্রামে ঢোকার চেষ্টার সময় পর্যবেক্ষক দলকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে মহাসচিব বান কি মুনও এ খবর জানিয়ে বলেন, মাত্র কয়েক মিনিট আগেই তিনি জানতে পেরেছেন যে, পর্যবেক্ষকরা কুবাইর গ্রামে প্রবেশের চেষ্টাকালে তাদের ওপর ক্ষুদ্রাস্ত্রের গুলি চালানো হয়েছে। গ্রামটিতে সিরিয়া বাহিনীর নতুন হত্যাকাণ্ডের নিন্দা জানান বান। জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে তিনি এ হত্যাকাণ্ডকে ‘মর্মান্তিক’, ‘দুঃসহ’ এবং ‘অবর্ণনীয় বর্বর’ ঘটনা বলে এর নিন্দা করেন। বিবিসি এ খবর দিয়েছে। সিরিয়ায় একের পর এক বড় ধরনের হত্যাকাণ্ডের ঘটনায় সঙ্কট সমাধানের কূটনৈতিক প্রচেষ্টা মাঠ পর্যায়ে তেমন কাজে আসছে না বলেই মন্তব্য করেছেন বিশ্লেষকরা। সিরিয়ায় জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনানের শান্তি পরিকল্পনার বাস্তবায়ন ঠিকমতো হচ্ছে কিনা তা দেখতে দেশটিতে মোতায়েন রয়েছে ২৯৭ জন জাতিসংঘ পর্যবেক্ষক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭২৮ঘ.