ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের স্বাস্থ্যের ‘চরম অবনতি’ হয়েছে বুধবার। চিকিৎসকরা তাকে একদিনেই পাঁচবার অক্সিজেন দিয়েছেন।
দক্ষিণ কায়রোর তোরাহ কারাগারের নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন বলে এনডিটিভি জানায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলেন, মুবারক (৮৪) মানসিক আঘাত ও উচ্চ রক্তচাপের পাশাপাশি শ্বাসকষ্টে ভুগছিলেন। পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের ডাকা হয়েছিলো এবং তাকে সামরিক হাসপাতালে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
গত বছর শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলন যথাযথভাবে মোকাবিলা করতে ব্যর্থ হওয়ার অভিযোগে শনিবার যাবজ্জীবন কারাদ- ঘোষণার পরই তার স্বাস্থ্যের অবনতি ঘটে।
এদিকে একটি অভিযোগে যাবজ্জীবন কারাদ- দেওয়া হলেও দুর্নীতির অভিযোগ থেকে খালাস পেয়েছেন মুবারক এবং তার দুই ছেলে গামাল ও আলা।
তবে অভ্যন্তরীণ বাণিজ্য সম্পর্কিত অপর একটি মামলার বিচার কাজ চলায় গামাল ও আলা একই কারাগারে রয়েছেন।
কর্মকর্তারা জানান, গামালকে তার পিতার পাশে থাকার অনুমতি দিয়েছে কারা কর্তৃপক্ষ। আর আলা আবেদন করলেও এখনও তাকে এ বিষয়ে অনুমতি দেওয়া হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৪৯ ঘ.
bdnews24