২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধবিরতি না মানার ঘোষণা সিরীয় বিদ্রোহীদের

সিরিয়ায় জাতিসংঘের ব্যবস্থাপনায় গত ১২ এপ্রিল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি আর না মানার ঘোষণা দিয়েছে বিদ্রোহী পক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 10:33 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

বৈরুত, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় জাতিসংঘের ব্যবস্থাপনায় গত ১২ এপ্রিল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি আর না মানার ঘোষণা দিয়েছে বিদ্রোহী পক্ষ। প্রেসিডেন্ট বাশার আল আসাদ বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে শান্তি পরিকল্পনা ‘মানেননি’ অভিযোগ করে বিদ্রোহীরা সোমবার জানায়, তারা আর এ যুদ্ধবিরতি মেনে চলতে বাধ্য নয়। আসাদকে আন্তর্জাতিক দূত কফি আনানের শান্তি পরিকল্পনার শর্ত মানতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহীরা। অন্যথায়, তারা যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাবে বলেও হুমকি দেয়। এখন বিদ্রোহীরা কার্যতই যুদ্ধবিরতি থেকে নিজেদের মুক্ত ঘোষণা করল। এ সময়টিতে ‘নিজেদের জনগণ’কে রক্ষার জন্য কেবলমাত্র সরকারী বাহিনীর ওপর হামলা করার কথা জানিয়েছে তারা। বিদ্রোহী বাহিনী ‘ফ্রি সিরিয়ান আর্মি’র মুখপাত্র মেজর সামি আল কুর্দি বলেন, “যুদ্ধবিরতির বিষয়ে আমরা আমাদের প্রতিশ্রুতি শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আবার হামলা শুরু করেছি, তবে শুধু শহরের সামরিক তল্লাশি চৌকিগুলোতে আত্মরক্ষামূলক হামলা চালাচ্ছি আমরা।” বিদ্রোহীদের হাতে এরই মধ্যে ৮০ সেনা নিহতের খবর এসেছে। ১২ এপ্রিল থেকে যুদ্ধবিরতি বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও তা কখানোই কার্যকর হয়নি বলে দাবি করেছে পশ্চিমা গণমাধ্যমগুলো। তবে আনান শান্তি পরিকল্পনাকেই সংঘাত থামানোর ‘একমাত্র বিকল্প’ বলে দাবি করেছেন। সিরিয়ার বিবদমান দু’পক্ষকেই এ পরিকল্পনা বাস্তবায়নে বাধ্য করানোর জন্য বিশ্বের বৃহৎ শক্তির দেশগুলোকে আহ্বান জানাতে চান তিনি। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্রিফিং এ আনান এ আহ্বান জানাবেন। ওদিকে, সিরিয়ার বিদ্রোহী পক্ষের মেজর সামি আল কুর্দি বলছেন, দামেস্কে জাতিসংঘ পর্যবেক্ষণ মিশনকে “শান্তিরক্ষা মিশনে” রূপান্তর করা উচিত। কিংবা বিকল্প ব্যবস্থা হিসাবে আসাদকে ক্ষমতা থেকে সরাতে বিশ্বসম্প্রদায়কে সিরিয়ায় একটি ‘নো-ফ্লাই জোন’ (উড্ডয়ন নিষিদ্ধ এলাকা) ও একটি ‘বাফার জোন’ গড়ে তোলারও প্রস্তাব দেন তিনি। কিন্তু এ ধরনের প্রস্তাবে বিদ্রোহীদের সমর্থনকারী পশ্চিমা শক্তিগুলো কখনোই তেমন মনোযোগ দেয়নি, আর পশ্চিমাদের সমালোচক রাশিয়া ও চীনের তো নয়ই। গত ২৫ মে হউলা হত্যাকাণ্ডে অন্তত ১০৮ জন নিহত হয় যাদের প্রায় অর্ধেকই শিশু। ওই হত্যাকাণ্ড জাতিসংঘের শান্তিদূত কফি আনান প্রস্তাবিত যুদ্ধবিরতির জন্য ছিল বড় ধরনের আঘাত। হউলা হত্যাকাণ্ড সমর্থন করে আসাদের দেওয়া বক্তব্য আর বিদ্রোহীদের হাতে ৮০ সেনা নিহতের সর্বসা¤প্রতিক সহিংসতায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে আনান আর কতদিন তার ‘নিস্ফল’ শান্তি পরিকল্পনা নিয়ে ছোটাছুটি করবেন। কিন্তু জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলছেন, ‘সিরিয়া সঙ্কট সমাধানে আনানের মিশন এখনও ‘কেন্দ্রিয় ভূমিকা’ পালন করছে’। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬১৪ঘ.