দুবাই, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পশ্চিমাদের বিরুদ্ধে হামলা ও অতিথি আপ্যায়নে ব্যক্তিগত সব সম্পদ ব্যয় করে নিজে খুব সাদামাটা জীবন যাপন করতেন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন।
রোববার অনলাইনে প্রচারিত এক ভিডিওচিত্রে আল কায়দার বর্তমান নেতা আয়মান আল-জাওয়াহিরি একথা জানান।
‘ডেজ উইথ দ্য ইমাম, পার্ট টু’ শীর্ষক আধা ঘণ্টার এ ভিডিওচিত্রে শ্রদ্ধার সঙ্গে তিনি তার পূর্বসূরীর সাধারণ জীবনযাপনের কথা স্মরণ করেন।
গত বছরের মে মাসে পাকিস্তানে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে বিন লাদেন নিহত হন। এরপর সংগঠনের দায়িত্ব গ্রহণ করেন জাওয়াহিরি।
মাথায় সাদা পাগড়ি পরিহিত জাওয়াহিরি কথোপকথনের ভঙ্গিতে বলেন, “তার (বিন লাদেনের) বাড়িতে কেউ প্রবেশ করলে বিস্মিত হত। বাড়িটা ছিলো খুবই সাধারণ আর তাতে কিছু কাঠের বিছানা ও খুব অল্প আসবাবপত্র ছিলো।
“আর তিনি আমাদের দাওয়াত করলে রুটি, সবজি, ভাত- বাড়িতে যা থাকত তাই পরিবেশন করতেন।”
আল কায়েদা নেতা বলেন, নিজে মিতব্যয়ী হলেও বিন লাদেন ছিলেন অতিথিদের প্রতি খুবই উদার। নিজের পালিত পশু জবাই করেও তিনি অতিথিদের মজার মজার খাবার পরিবেশন করতেন।
১৯৯৮ সালে কেনিয়া ও তানজানিয়ায় মার্কিন দূতাবাসে বোমা হামলা চালাতে বিন লাদেন ৫০ হাজার ডলারের আর্থিক সহায়তা দিয়েছিলেন উল্লেখ করে জাওয়াহিরি বলেন, “লাদেন তার সব অর্থ জিহাদে ব্যয় করেছেন। অথচ সেসময় তার কাছে ৫৫ হাজার ডলারের বেশি ছিলো না।”
প্রসঙ্গত, মার্কিন দূতাবাসে ওই হামলায় ২শ’র বেশি মানুষ মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/০৮৪৯ ঘ.
bdnews24