২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় গির্জায় বোমা হামলায় নিহত ১২

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় বাউচি শহরের উপকণ্ঠে একটি গির্জার কাছে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় রোববার অন্তত ১২ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 01:32 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

বাউচি, নাইজেরিয়া, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় বাউচি শহরের উপকণ্ঠে একটি গির্জার কাছে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় রোববার অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বহু সংখ্যক মানুষ। হামলার দায় কেউ স্বীকার করেনি বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। ইসলামিক গোষ্ঠী বোকো হারাম সাধারণত গির্জা লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে। তবে এ হামলা কে বা কারা চালিয়েছে তা এখনো স্পষ্ট জানা যায়নি। বাউচির অধিবাসীরা বলেছে, এক ব্যক্তি ‘হার্ভেস্ট ফিল্ড পেন্টেকোস্টাল’ গির্জার বাইরে বেড়ার মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু গাড়ি বেড়া ভেঙে বেরিয়ে যাওয়ার আগেই বোমা বিস্ফোরণ ঘটে। নিহতদের কয়েকজন গির্জার ভেতরে আর অন্যরা বাইরে দাঁড়িয়েছিল। ওই গির্জা এলাকারই আরো বড় কোনো গির্জা এ হামলার লক্ষ্য ছিল বলে মনে করছেন সংবাদদাতারা। উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরে বোকো হারামের শক্তিশালী ঘাঁটি আছে। এ দলটি নাইজেরিয়ায় ইসলামিক শরিয়া আইন চালু করতে চায়। নাইজেরিয়ার অনেক স্কুল, গির্জা, পুলিশ স্টেশন এবং সরকারি ভবন বোকো হারামের বোমা হামলার শিকার হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৪৯ঘ.