ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে ন্যাটোর একটি সেনা ঘাঁটিতে শুক্রবার আত্মঘাতী এক ট্রাক হামলায় অন্ততপক্ষে ১৫ জন নিহত হয়েছে।
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কোস্ট প্রদেশে এই ঘটনা ঘটে বলে দ্য ডন সংবাদমাধ্যম জানিয়েছে।
ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগী বাহিনী (আইএসএএফ) জানিয়েছে, এই হামলায় তাদের কোনো সদস্য মারা যায়নি।
এ হামলার দায় স্বীকার করেছে তালেবান। পাকিস্তানের সীমান্তবর্তী কোস্ট প্রদেশে তালেবানের শক্ত অবস্থান রয়েছে।
আফগান নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, হামলাকারী বিস্ফোরক বোঝাই একটি ট্রাক নিয়ে ন্যাটো পরিচালিত একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। প্রাথমিক তথ্যানুযায়ী এ হামলায় সাত আফগান নিহত ও ১৩ জন আহত হয়েছেন।
নিহতদের অধিকাংশই আফগান নির্মাণ শ্রমিক। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পরিচালিত ওই ঘাঁটিতে একটি ভবন নির্মাণের কাজ করছিল তারা।
কিন্তু কোস্ট প্রদেশের পুলিশ প্রধান সরদার মোহাম্মাদ জাজাই জানিয়েছেন, ওই ঘটনায় শুধু তিন হামলাকারীই নিহত হয়েছে। আর চার সাধারণ আফগান বিস্ফোরণের ফলে নির্মাণাধীন ভবন ধসে আহত হয়েছেন। তিনি আরো জানান, হামলাকারী নিহত তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে।
তবে আইএসএএফ জানিয়েছে, ১৪ জঙ্গিকে হত্যা করা হয়েছে। পরবর্তী সময়ে তারা নিশ্চিত করে এতে এক সাধারণ আফগানও নিহত হয়েছে। তবে বিস্তারিত আর কোনোকিছু জানায়নি তারা।
এদিকে, তালেবানের এক মুখপাত্র জাবিউল্লাহ মুহাহিদ দাবি করেছেন, এই হামলায় উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি সেনা নিহত হয়েছে। তবে তালেবান গোষ্ঠী প্রায়শই অতিরঞ্জিত তথ্য দিয়ে থাকে।
ওই মুখপাত্র জানান, ‘আমাদের একজন যোদ্ধা দশ টন বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে কোস্ট শহরের ন্যাটো ঘাঁটির রেস্টুরেন্টের কাছে বিস্ফোরণ ঘটিয়েছে।’
কোস্ট আফগানিস্তানের সবচেয়ে সহিংসতাপ্রবণ অংশগুলোর একটি। ধারণা করা হয়, পাকিস্তানের সীমান্তবর্তী ওই প্রদেশই তালেবানের যোদ্ধা, তহবিল ও অন্যান্য রসদ সংগ্রহের মূল উৎস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৫০ ঘ.
bdnews24