২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় সহিংসতায় ৩২ শিশুসহ নিহত ৯২

সিরিয়ার হউলা শহরে শুক্রবার ৩২ শিশুসহ ৯২ জন নিহত হয়েছেন বলে শনিবার জানিয়েছে জাতিসংঘ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 06:40 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

বৈরুত, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার হউলা শহরে শুক্রবার ৩২ শিশুসহ ৯২ জন নিহত হয়েছেন বলে শনিবার জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের ওই শহরটিতে সরকারি বাহিনী গোলাবর্ষণ করে বলে দাবি করেছে সরকার বিরোধী আন্দোলনকারীরা। তবে সিরিয়া সরকার বলছে, ‘সশস্ত্র সন্ত্রাসী গ্রুপগুলো’ এ ঘটনা ঘটিয়েছে। জাতিসংঘ এ হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করার পর পশ্চিমা দেশগুলো এর তীব্র সমালোচনা করেছে। সিরিয়ার যুদ্ধবিরতি পর্যবেক্ষণরত জাতিসংঘ দলের প্রধান মেজর জেনারেল রবার্ট মুড বলেন, “শনিবার সকালে জাতিসংঘের সামরিক ও বেসামরিক পর্যবেক্ষকরা হউলায় গিয়েছিলেন। তারা ১০ বছরের নিচে ৩২টি শিশুর লাশ দেখতে পেয়েছে। এখানে পূর্ণবয়স্ক ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।” “সরেজমিনে পরীক্ষার পর ট্যাংক থেকে গোলা নিক্ষেপের বিষয়ে পর্যবেক্ষকরা নিশ্চিত হয়েছে”, এক বিবৃতিতে বলেন তিনি। ইউটিউবে দেওয়া ভিডিওতে শিশুদের রক্তাক্ত মৃতদেহ দেখা গেছে যাদের অনেকের মাথার খুলি উড়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় হউলাতে নিরাপত্তা বাহিনীর হাতে এক আন্দোলনকারী নিহত হলে বিদ্রোহীদের সঙ্গে সেনাদের খণ্ডযুদ্ধ হয়, এর পরপরই শহরটি লক্ষ্য করে সরকারী বাহিনী গোলবর্ষণ করতে শুরু করে বলে দাবি করেছে সরকার বিরোধী আন্দোলনকারীরা। বিদ্রোহীরা দাবি করেছে নিহতদের মধ্যে অনেকে গোলাবর্ষণের শিকার হয়েছে। অন্যদের হত্যা করেছে সরকার সমর্থিত মিলিশিয়া বাহিনী ‘শাবিহা’। তবে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে স¤প্রচারিত কিছু ফুটেজে হউলার নিহত লোকজনের ছবি দেখিয়ে বলা হয়, তারা সন্ত্রাসী গোষ্ঠীর নির্বিচার হত্যাকাণ্ডের শিকার। ফুটেজে মাথায় গুলিবিদ্ধ লাশের ছবিও দেখানো হয়। গত ১২ এপ্রিল থেকে জাতিসংঘের উদ্যোগে সিরিয়ায় শুরু হওয়া যুদ্ধবিরতি চলাকালে এটিই সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা। আলোচনার মাধ্যমে সিরিয়ার পরিস্থিতির একটা সমাধান বের করা কতো কঠিন, এ ঘটনায় আরেকবার তার প্রমাণ পাওয়া গেল বলে মনে করছেন বিশ্লেষকরা। ঘটনার প্রতিক্রিয়ায় জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, “সিরীয় সরকারের উচিত আবাসিক এলাকায় ভারি অস্ত্র ব্যবহার এখনই বন্ধ করা।” যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন হামলার নিন্দা জানিয়েছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ হত্যাকাণ্ডের এ ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন। শনিবার যুক্তরাজ্য ভিত্তিক সরকার বিরোধী মানবাধিকার সংগঠন ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, গোলবর্ষণ আবার শুরু হতে পারে আশঙ্কায় আক্রান্ত শহরটির বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এসইউ/১২৩৬ ঘ.