কায়রো, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের প্রথম ‘অবাধ’ প্রেসিডেন্ট নির্বাচন বৃহস্পতিবার শেষ হওয়ার পর এখন ভোট গণনা চলছে। ভোটের প্রাথমিক ফলাফলে মুসলিম ব্রাদারহুড প্রার্থী মোহাম্মদ মুরসি ও মুবারক আমলের শেষ প্রধানমন্ত্রী আহমেদ শফিক এগিয়ে রয়েছেন।
২৩ ও ২৪ মে মিশরের ইতিহাসে প্রথম ‘অবাধ’ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনটিকে মিশরের গণতান্ত্রিক উত্তরণের শেষ ধাপ বলে মনে করা হচ্ছে।
প্রেসিডেন্ট নির্বাচনের এই প্রথম পর্বে ১৩ প্রার্থীর কেউ ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হতে পারবে না বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। ফলে আগামী ১৬ ও ১৭ জুন দ্বিতীয় পর্বের ভোটেই নির্ধারিত হবে মিশরের পরবর্তী প্রেসিডেন্ট।
প্রথম পর্বে এগিয়ে থাকা দুই প্রার্থীকে নিয়ে দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
শুক্রবার মুসলিম ব্রাদারহুডের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, “দ্বিতীয় পর্বের ভোট মোহাম্মদ মুরসি ও আহমেদ শফিকের মধ্যে হতে যাচ্ছে এটি পরিষ্কার।”
সরকারিভাবে আগামী সপ্তাহে নির্বাচনী ফলাফল ঘোষণার কথা থাকলেও প্রার্থীদের প্রতিনিধিরা ভোট গণনার সময় উপস্থিত থাকায় তাদের পক্ষে আগাম ফলাফল জানা সম্ভব হচ্ছে।
ব্রাদারহুডের ওই কর্মকর্তা জানিয়েছেন, ১৩ হাজার ১শ’ টি ভোট কেন্দ্রের মধ্যে ১২ হাজার ৮শ’ কেন্দ্রের ফলাফল তাদের হাতে এসেছে। তাতে দেখা গেছে, মুরসি পেয়েছেন ২৫ শতাংশ ভোট, শফিক ২৩ শতাংশ, ইসলামপন্থী আব্দেল মোনেইম আবুল ফতোহ ২০ শতাংশ এবং বামপন্থী হামদিন সাবাহি ১৯ শতাংশ ভোট পেয়েছেন।
দ্বিতীয় পর্বের নির্বাচনী কৌশল নিয়ে ইতিমধ্যে বৈঠক করেছে ব্রাদারহুডের পরিচালনা পরিষদ।
প্রেসিডেন্ট নির্বাচনে মিশরের জনতাকে দুইভাগে বিভক্ত করে ফেলেছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন। একদিকে রয়েছেন ইসলামপন্থী দলগুলোর সমর্থকরা, অপরদিকে একনায়ক হোসনি মুবারকের সতীর্থদের সমর্থকরা।
ভোট গণনা শেষে ফলাফল কি দাঁড়াবে তার কোনো পূর্বাভাস না পাওয়া গেলেও আগেই ধারণা করা হয়েছিল, সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে থাকা মুসলিম ব্রাদারহুড ভালো ফল করবে।
“মোহাম্মদ মুসরি মিশরের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন এ বিষয়ে আমরা নিশ্চিত,” বলেন মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ‘ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি’র জ্যেষ্ঠ সদস্য এসাম এল ইরিয়ান।
মিশরের গত পার্লামেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয় পেয়েছে ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি।
মিশরের টেলিভিশন চ্যানেলগুলোতে ভোট কেন্দ্র থেকে সরাসরি ভোট গণনার দৃশ্য স¤প্রচার করা হচ্ছে। মিশরের ৮ কোটি ২০ লাখ মানুষ বিচারকের দৃষ্টিতে ভোট গণনা পর্যবেক্ষণ করছে। এ ধরনের দৃশ্য মুবরাক আমলের মিশরে অচিন্তনীয় ছিল।
প্রথম পর্বের নির্বাচনে ৫০ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন দেশটির নির্বাচনী কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২০ ঘ.
bdnews24