ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেইসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তার প্রোফাইলে সম্প্রতি ‘বিবাহিত’ শব্দটি ব্যবহার শুরু করলেও সারাবিশ্বের মোট বিয়ে বিচ্ছেদের এক তৃতীয়াংশ ঘটনার জন্য তারই সামাজিক যোগাযোগ নেটওয়ার্ককে দায়ী করা হচ্ছে।
সম্প্রতি ৫ হাজার বিয়ে বিচ্ছেদের আবেদন পর্যালোচনা করে ব্রিটিশ আইনি সংস্থা ডিভোর্স অনলাইন একথা জানিয়েছে।
তাদের সমীক্ষায় দেখা যায়, গত বছরে ঘটা বিয়ে বিচ্ছেদের ৩৩ শতাংশের বেশি কারণ হিসেবে ফেইসবুকের কথা উল্লেখ করা হয়েছে। অথচ ২০০৯ সালে এ হার ২০ শতাংশ ছিল বলে এনডিটিভি জানিয়েছে।
এতে আরো দেখা যায়, বিয়ে বিচ্ছেদের আবেদনে দম্পতিরা ফেইসবুকে তাদের জীবন সঙ্গীর আচরণ বিষয়ে অভিযোগ করছে। আর অভিযোগের সবচেয়ে বড় কারণ হলো বিপরীত লিঙ্গের প্রতি অনুপোযুক্ত বার্তা।
আর বিয়ে বিচ্ছেদের সাক্ষ্য-প্রমাণ হিসেবে ফেইসবুকে ব্যবহৃত স্ট্যাটাস আপডেট ও অনুপোযুক্ত ছবির ব্যবহারও বেড়েছে।
ডিভোর্স-অনলাইনের মুখপাত্র মার্ক কিনান ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “কেউ যদি বিপরীত লিঙ্গের সঙ্গে অ্যাফেয়ার অথবা প্রতারণা করতে চায় তাহলে ফেইসবুকই হলো সবচেয়ে সহজ পন্থা।”
আমেরিকান একাডেমি অব ম্যাট্রিমোনিয়াল লইয়ার্স’র তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৮০ শতাংশ অ্যাটর্নির মতে, সামাজিক নেটওয়ার্ক সংক্রান্ত বিয়ে বিচ্ছেদের হার অনেক বেড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৩৩ ঘ.
bdnews24