এডিনবার্গ, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইংল্যান্ডের সঙ্গে ৩০৫ বছরের পুরনো ইউনিয়ন ভেঙে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশের জন্য প্রচারাভিযান শুরু করছে স্কটল্যান্ডের স্বাধীনতার সমর্থকরা।
শুক্রবার থেকে শুরু হচ্ছে “ইয়েস স্কটল্যান্ড” নামের এ প্রচারাভিযান।
স্কটল্যান্ডের ইতিহাসে এটাই হবে তৃণমূল পর্যায়ের বৃহত্তম আন্দোলন।
‘ইয়েস স্কটল্যান্ড’ আন্দোলকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কটল্যান্ডের স্বাধীনতার ওপর ২০১৪ সালের গণভোটে জেতার লক্ষ্যে প্রচারণা শুরু করছেন তারা। ২০১৬ সালের মধ্যে তারা পুরোপুরি স্বাধীন দেশ চান।
আন্দোলকারীদের অভিযোগ, লন্ডনের ব্রিটিশ পার্লামেন্ট স্কটল্যান্ডের জাতীয় স্বার্থকে আমলে নেয় না।
“প্রথম এই ইস্যুটি একটি বাস্তব ভিত্তি পাচ্ছে। কারণ, এ বিষয়ে একটি গণভোট অনুষ্ঠিত হবে,” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনের এক মুখপাত্র।
“বিষয়টি নিয়ে আগের যে কোনো সময়ের চেয়ে মানুষ এখন অনেক বেশি সরব। স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে জনতা রায় আমাদের ভবিষ্যতের জন্য ভালো সিদ্ধান্ত,” বলেন তিনি।
এই আন্দোলন সফল হলে গুরুতর সমস্যায় পড়বে ব্রিটেন। ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস মিলে গ্রেট ব্রিটেন গঠিত। এর সঙ্গে উত্তর আয়ারল্যান্ড যোগ হয়ে গঠিত হয়েছে যুক্তরাজ্য ।
বিশ্লেষকরা জানিয়েছেন, ব্রিটেন ছেড়ে স্কটল্যান্ড বেরিয়ে গেলে আন্তর্জাতিক শক্তি হিসেবে নিজের অবস্থান ধরে রাখা যুক্তরাজ্যের জন্য কঠিন হয়ে পড়বে।
এর মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্যের অবস্থান টালমাটাল হয়ে যেতে পারে। এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত গ্রহণকারী সদস্যের অবস্থানও টলে যেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭১১ঘ.
bdnews24