কাবুল, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১৪ সালের শেষে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে ন্যাটো ঘোষিত পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে আফগান জনতা। তবে ১১ বছরের যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে পশ্চিমা সাহায্য ও নিরাপত্তার প্রশ্নে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার দাবি জানিয়েছে তারা।
যুক্তরাষ্ট্রের শিকাগোতে ন্যাটোভুক্ত ২৮ সদস্য রাষ্ট্রগুলোর এক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ন্যাটোর সদস্য রাষ্ট্র না হলেও সম্মেলনে যোগ দিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।
সোমবার কারজাই এর উপস্থিতিতে ন্যাটো নেতারা সিদ্ধান্ত নেন, আফগানিস্তান থেকে সরে আসার কৌশল হিসেবে ২০১৩ সালের মাঝামাঝিতে আফগানিস্তানের নিরাপত্তার ভার আফগান নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
কিন্তু ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তনকে বিশৃঙ্খলা থেকে রক্ষার ও তালেবান বিদ্রোহ মোকাবেলার কোনো পরিকল্পনা সম্মেলনে গ্রহণ করা হয়নি।
১১ বছর ধরে তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করার পরও তাদের পরাজিত করতে না পেরে হতাশ ন্যাটো নেতৃবৃন্দ। কিন্তু আফগানরা হতাশ নয়, আনন্দের সঙ্গে ন্যাটোর সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে তারা।
কিন্তু তারা সতর্ক করে বলেছে, এক দশকের যুদ্ধের পর ব্যাপক পুনঃর্নিমাণ কর্মযজ্ঞ ও সহায়তা কর্মসূচী শুরু হওয়ার পর তা বন্ধ করে পশ্চিমারা চলে যেতে পারে না।
মঙ্গলবার রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে কাবুলের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাওয়াব বলেন, “আমি মনে করি না বিদেশিরা যত সহজে বলছে তত সহজে আমাদের ছেড়ে যেতে পারবে। আন্তর্জাতিক স¤প্রদায় এখানে শত শত কোটি ডলার খরচ করেছে। তাই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিছু বাহিনী মজুদ রাখা উচিত ন্যাটোর।”
আফগানিস্তান এখন বিশ্বের সবচেয়ে বেশি সাহায্য গ্রহণকারী দেশগুলোর মধ্যে একটি। বিদ্রোহ মোকাবেলায় বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে এখানে প্রায় ৫ হাজার ৭শ’ কোটি ডলারের বেশি ব্যয় করা হয়েছে।
গত এপ্রিলে একটি ব্যক্তিমালিকানাধীন টিভি চ্যানেলের জরিপে দেখা যায়, ৫০ শতাংশ আফগান মনে করে বিদেশি সেনা প্রত্যাহারের পর গৃহযুদ্ধ আবার শুরু হবে। ২৬ শতাংশ আফগান মনে করে পরিস্থিতি যা আছে তাই থাকবে। আর ২৩ শতাংশ মনে করে, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হবে।
কাবুলের এক বিপণী বিতানের মালিক মোহাম্মদ নাদের বলেন, “আমাদের দেশের ভবিষ্যৎ স্থিতিশীল হবে বলেই মানুষজন মনে করে, তাই আশা নিয়েই প্রত্যেকে এখানে বিনিয়োগ করবে।”
তালেবানের সঙ্গে পশ্চিমাদের একটি সমঝোতায় পৌঁছানো উচিত বলে মনে করেন কাবুলের বাসিন্দা ৩৮ বছর বয়সী সারওয়ার আকবরী। ইউরোপকে সহায়তা করতে যেয়ে আফগানিস্তানকে অবহেলা করা পশ্চিমাদের উচিত হবে না বলে মনে করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪১৯ ঘ.
bdnews24