কায়রো, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে ইতিহাসের প্রথম ‘অবাধ’ প্রেসিডেন্ট নির্বাচনে বুধবার ভোট দিয়েছে জনগণ। গণঅভ্যুত্থানে প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের ১৫ মাস পর এ নির্বাচন হচ্ছে।
মিশরের স্থানীয় সময় সকাল ৮ টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) ভোটগ্রহণ শুরু হয়। লোকজনকে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে।
কড়া নিরাপত্তার মধ্যে ২৩ ও ২৪ মে দুইদিন ব্যাপী এই নির্বাচন চলবে। ভোটাররা ভোট দিতে গেলেও তাদের অনেকেই এখনও সিদ্ধান্তহীনতায় আছেন।
এক ভোটারের উক্তি, “যাই হোক না কেন আমি ভোট দেব। কারণ এ এক ঐতিহাসিক ভোট। যদিও আমি জানি না আসলে কাকে ভোট দেব।”
নির্বাচনে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে এগিয়ে থাকা দুই প্রার্থীকে নিয়ে ১৬ ও ১৭ জুন দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে।
জনমত জরিপে নির্ভরযোগ্য কোনো ফল বেরিয়ে না আসায় এ নির্বাচনে কে জিতবে তা কেউ জানে না।
কিন্তু তারপরও এ অনিশ্চয়তাই উপভোগ করছে জনগণ। কারণ, মুবারকের ৩০ বছরের শাসনামলে অহরহ ভোট ডাকাতির যে ঘটনা ঘটত তা থেকে তারা এখন মুক্ত।
কায়রোর ভোটকেন্দ্রে এক ভোটারের উক্তি, “আমরা যখন ঘরে থাকতাম আর অন্য কেউ আমাদের পক্ষ থেকে ভোট দিয়ে দিত সেই দিন এখন আর নেই। আমরা তা প্রমাণ করব।”
নির্বাচনকে ঘিরে কোনো সহিংসতার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষকরাও বড় ধরনের কোনো অনিয়মের ঘটনা দেখেননি বলে জানিয়েছেন।
মিশরের ৫ হাজার বছরের লিপিবদ্ধ ইতিহাসে এই প্রথম দেশটির জনসাধারণ তাদের পছন্দমতো একজন রাষ্ট্র ও সরকার প্রধান নির্বাচনের সুযোগ পাচ্ছে।
বুধবার দেশজুড়ে দেখা গেছে উৎসবের আমেজ আর ভোটারদের উৎসাহ-উদ্দীপনা। মিশরের বহুল প্রচারিত দৈনিকগুলোও চমকপ্রদ শিরোনামে খবর ছেপেছে।
‘জাগো মিশর’ শিরোনাম দিয়েছে জনপ্রিয় দৈনিক ‘আল মাসরি আল ইয়োম’। রাষ্ট্র পরিচালিত পত্রিকা আল জমহুরিয়া লিখেছে, “ব্যালট বাক্সে আছেন প্রেসিডেন্ট। আর জনগণ তার চাবিকাঠি।”
মুবারকের পতনের পর মিশরের প্রেসিডেন্টের সার্বিক ক্ষমতা গ্রহণকারী সর্বোচ্চ সেনাপরিষদ এ নির্বাচনের মাধ্যমে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছে।
২০১১ সালের ফেব্র“য়ারিতে মিশরের ক্ষমতা গ্রহণ করেছিল সেনাপরিষদ।
নির্বাচনে ইসলামপন্থীদের সঙ্গে ধর্মনিরপেক্ষতাবাদীদের এবং গণঅভ্যুত্থানকারীদের সঙ্গে মুবারকের সাবেক মন্ত্রীদের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রধান প্রার্থীরা হচ্ছেন, মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম ও জাস্টিস পার্টির মোহাম্মদ মুরসি, ইসলামপন্থী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোনেইম আবুল ফতোহ্, মুবারক আমলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক আরব লিগ প্রধান আমর মুসা ও গণঅভ্যুত্থানকালীন সংক্ষিপ্ত মেয়াদের প্রধানমন্ত্রী সাবেক বিমান বাহিনী কমান্ডার আহমেদ শফিক।
আরব দেশগুলোর একনায়কদের বিরুদ্ধে শুরু হওয়া গণঅভ্যুত্থান ‘আরব বসন্ত’ গত বছর উত্তর আফ্রিকার আরব দেশ তিউনিসিয়া থেকে শুরু হয়। বিক্ষুব্ধ আন্দোলনকারীদের প্রতিবাদে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ২৪ বছর তিউনিসিয়া শাসন করা প্রেসিডেন্ট জিনে আল আবেদিন বেন আলির পতন হয়।
অনুপ্রাণিত আরব গণতান্ত্রিক আন্দোলনকারীরা দেশে দেশে একনায়কবিরোধী আন্দোলন শুরু করে। মাত্র ১৮ দিনের আন্দোলনে তিন দশক ধরে মিশর শাসন করা হোসনি মুবারকের পতন হয়।
২০১১ সালের ১১ ফেব্র“য়ারি মুবারকের পদত্যাগের দিন থেকে মিশরের রাজনীতিতে নতুন গণতান্ত্রিক অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা দেখা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/২১১৪ ঘ.
bdnews24