২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকের বিরুদ্ধে পাকিস্তানে মামলা

পাকিস্তানে ‘ধর্ম অবমাননা’ সংক্রান্ত অভিযোগে সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুকসহ তিনটি ওয়েবসাইটের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইসলামাবাদ পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 05:57 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানে ‘ধর্ম অবমাননা’ সংক্রান্ত অভিযোগে সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুকসহ তিনটি ওয়েবসাইটের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইসলামাবাদ পুলিশ। অতিরিক্ত সেশন জজ কামরান বাশারাত মুফতির নির্দেশে ইসলামাবাদের মারগালা পুলিশ স্টেশন এ মামলা দায়ের করে বলে মঙ্গলবার এনডিটিভির এক খবরে বলা হয়। নামোস-ই-রিসালাত আইনজীবী ফোরামের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন মুফতি । অভিযোগকারীদের মধ্যে অন্যতম আইনজীবী রাও আব্দুর রহিম বলেন, পাকিস্তান থেকে ফেইসবুকসহ কয়েকটি ওয়েবসাইটে ধর্ম অবমাননাকারী আধেয় প্রকাশের বিষয়ে এ সংগঠনের পক্ষ থেকে গত বছরের জুলাই মাসে জানানো হয়। তিনি বলেন, “এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ ও পুলিশকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হলেও তারা তাতে গুরুত্ব দেননি। এরপর গত বছরের ২৭ জুলাই ইসলামাবাদ জেলা বারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।” এরপর নামোস-ই-রিসালাত আইনজীবী ফোরাম বিচারক মুফতির আদালতে একটা আবেদন করে মামলা দায়েরে পুলিশকে নির্দেশ দেওয়ার অনুরোধ জানান। রহিম বলেন, “আমরা তিনটি আবেদন করি- এর একটা হলো ‘ইউসুফ’ চলচ্চিত্র প্রচার করায় পায়াম টিভির বিরুদ্ধে, একটা ফেইসবুক ও অন্যান্য তিনটি ওয়েবসাইটের বিরুদ্ধে এবং অপরটি হলো ইসলামাবাদে নারী ও পুরুষ সমকামীদের সমাবেশের আয়োজন করায় মার্কিন দূতাবাসের বিরুদ্ধে।” এর পরিপ্রেক্ষিতে প্রথম দুটি অভিযোগের বিষয়ে মারগালা পুলিশ স্টেশনকে এফআইআর গ্রহণের নির্দেশ দেন বিচারক মুফতি । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৫৩ ঘ.