২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন ড্রোন হামলার ‘স্থায়ী সমাধান’ চান জারদারি

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) হামলার একটি ‘স্থায়ী সমাধান’ চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 03:17 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

শিকাগো, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) হামলার একটি ‘স্থায়ী সমাধান’ চান। শিকাগোয় নেটো সম্মেলনে রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে বৈঠকে ড্রোন হামলার স্থায়ী সমাধান খুঁজে বের করার অনুরোধ জানান জারদারি। বৈঠক শেষে জারদারির মুখপাত্র ফরহাতুল্লাহ বাবর বলেন, ড্রোন হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের প্রশ্নই কেবল নয় বরং এ হামলা জনরোষও উস্কে দিচ্ছে। আর তাই প্রেসিডেন্ট (জারদারি) চান স্থায়ীভাবে এর একটি বিহিত করা হোক। তবে কি ধরনের পদক্ষেপ তিনি আশা করছেন সে ব্যাপারে জারদারি বিস্তারিত কিছু বলেন নি। পাকিস্তানের আদিবাসী এলাকাগুলোতে যুক্তরাষ্ট্রের ঘন ঘন ড্রোন হামলা নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। এর মধ্যে গত নভেম্বরে পাক-আফগান সীমান্ত এলাকায় মার্কিন বিমান হামলায় ২৪ পাকিস্তানি সেনা মারা যাওয়ার ঘটনায় দুপক্ষের সম্পর্কে আরো তিক্ততা সৃষ্টি হয়। এর জেরে পাকিস্তান আফগানিস্তানে অবস্থানরত নেটো সেনাদের জন্য রসদ সরবরাহ রুট বন্ধ করে দেয়। সে রুট চালুর ব্যাপারে এখনো চুক্তিতে পৌঁছতে পারেনি দু’পক্ষ। শিকাগোর নেটো সম্মেলনে নেটো সরবরাহ রুট চালু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের বিরোধ দেখা দিয়েছে। ২৪ পাকিস্তানি সেনা নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রকে আরো সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ওই ঘটনার জন্য ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছে পাকিস্তান। কিন্তু হোয়াইট হাউজ এতদিনেও তা করেনি। ঘটনাটি নিয়ে বিরোধের মধ্যে যুক্তরাষ্ট্রে জারদারির নেটো সম্মেলনে যোগ দেওয়ার খবরে নতুন করে দুপক্ষে সঙ্কট সুরাহার আশা জেগে উঠেছিল। কিন্তু সরবরাহ রুট চালু নিয়ে দুপক্ষের মধ্যে বনিবনা না হওয়ায় বিষয়টি নেটো সম্মেলনে কালো ছায়া ফেলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/২০৫৭ঘ.