২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তান নিয়ে নেটো সম্মেলন শিকাগোয়

আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা এবং সেখান থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে রোববার যুক্তরাষ্ট্রের শিকাগোয় সমবেত হয়েছেন নেটো নেতারা। ভিডিও

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 11:00 AM

Updated : 25 Apr 2022, 09:21 PM

শিকাগো, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা এবং সেখান থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে রোববার যুক্তরাষ্ট্রের শিকাগোয় সমবেত হয়েছেন নেটো নেতারা।

সম্মেলনে যোগ দিচ্ছেন ৬০ টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানরা। এর মধ্যে উপস্থিত থাকছেন ২৮ টি নেটো সদস্যদেশের রাষ্ট্রপ্রধানরাসহ আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

২০১৪ সালের আগেই আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের জন্য অভ্যন্তরীন চাপের মুখে এ সম্মেলনে বসছেন নেটো নেতারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জি-৮ সম্মেলনের একদিন পর নিজ শহর শিকাগোয় সম্মেলনটি আয়োজন করেছেন।

নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে সম্মেলনে ২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তান থেকে বেশির ভাগ নেটো সেনা সরিয়ে নিতে নেতাদের সম্মিলিত সিদ্ধান্তের ওপরই ওবামা প্রশাসন গুরুত্ব দেবে।

একইসঙ্গে গুরুত্ব পাবে আফগান বাহিনীর হাতে দেশের নিরাপত্তাভার হস্তান্তরের বিষয়টি।

ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ গত সপ্তাহেই আফগানিস্তান থেকে সেনা সরানোর প্রতিশ্র“তি পুনর্ব্যক্ত করেছেন।

২০১২ সালের পর আফগান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য কেবল গুটিকয়েক সেনা থাকবে বলে জানান তিনি।

ওলান্দ বলেন, “সার্বভৌমত্বের বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মিত্র ও অংশীদারদের সঙ্গে সুসমন্বয়ের মধ্য দিয়েই তা সম্পন্ন করতে হবে।”

তবে সেনা প্রত্যাহারের ব্যাপারে সুনির্দিষ্টভাবে বিস্তারিত কিছু জানান নি ওলান্দ।

নেটো সম্মেলনে সেনা প্রত্যাহারের বিষয়টি ছাড়াও আফগানিস্তানের পুলিশ ও সামরিক বাহিনীর জন্য দীর্ঘমেয়াদে তহবিল সরবরাহের বিষয়টি নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

তালেবানদের সঙ্গে লড়াইয়ে আফগান বাহিনীকে সক্ষম করে তুলতে পারলে নেটো বাহিনীর জন্য নির্বিঘেœ আফগানিস্তান ছাড়ার পথ সুগম হবে।

ওবামা প্রশাসন আফগান বাহিনীর জন্য বছরে একশ কোটিরও বেশি ডলার দেওয়ার ব্যাপারে মিত্র দেশগুলোর সমর্থন চাইছে। কিন্তু এ ব্যাপারে তাদের সমর্থন পাওয়া নিয়ে শংসয় আছে।

বৈঠকে শেষ পর্যন্ত এ লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সম্মেলনের শেষ মুহূর্তে উপস্থিত হওয়ার কথা রয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির। নেটো নেতাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়তে পারেন তিনি।

আফগানিস্তানে নেটো বাহিনীর জন্য রসদ সরবরাহ রুট চালু করে দেওয়ার জন্য জারদারি চাপের মুখে আছেন।

গত বছর নভেম্বরে পাকিস্তান সীমান্তে মার্কিন বিমান হামলায় ২৪ সেনা নিহত হওয়ার জেরে নেটো সরবরাহ রুট বন্ধ করে দেয় পাকিস্তান।

এখন আবারো সে রুট চালু করা নিয়ে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সমঝোতার দ্বারপ্রান্তে পৌঁছলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। এ সপ্তাহে বিষয়টি নিয়ে চুক্তি হবে কিনা তাও এখনো বোঝা যাচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬৫৩ঘ.