২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রয়োজনে ইরানে হামলায় প্রস্তুত যুক্তরাষ্ট্র’

ইসরায়েলে নিয়োজিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান শাপিরো বলেছেন, ইরানে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা ইতোমধ্যেই করা হয়েছে এবং এ ব্যবস্থা গ্রহণের সুযোগও হাতের কাছে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 02:08 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

জেরুজালেম, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলে নিয়োজিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান শাপিরো বলেছেন, ইরানে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা ইতোমধ্যেই করা হয়েছে এবং এ ব্যবস্থা গ্রহণের সুযোগও হাতের কাছে রয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার জন্য তেহরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ নানা ধরনের চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। তবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চলছে দাবি করে তা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে ইরান। মার্কিন রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার ইসরায়েলের আর্মি রেডিও জানায়, “কূটনৈতিকভাবে এর সমাধানই প্রথম চাওয়া এবং সামরিক শক্তি প্রয়োগের চেয়ে কূটনৈতিকভাবে বিষয়টির সুরাহার প্রতি অগ্রাধিকার রয়েছে।” “তবে এর অর্থ এই নয় যে, ওই পন্থা (সামরিক ব্যবস্থা) অবলম্বন করা যাবে না-এটা শুধু হাতের নাগালেই নয়, এটা ঠিক হয়ে আছে। এ বিষয়টি প্রস্তুত রাখা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে।” গত মঙ্গলবার ইসরায়েলে এক অনুষ্ঠানে শাপিরো এ বক্তব্য দেন বলে জানায় ওই রেডিও স্টেশন। পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্ক নিরসনে গত মাসে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে ইস্তানবুলে শুরু হওয়া আলোচনা আবারো শুরুর কয়েক দিন আগে এ কথা বললেন মার্কিন কূটনীতিক। আগামী ২৩ মে বাগদাদে ওই আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। পরমাণু কর্মসূচিতে তহবিল বন্ধ করতে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেনে ইতোমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আগামী ২৮ জুন থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এরপর থেকে বিশ্বের কোনো আর্থিক প্রতিষ্ঠান ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন করলে সেটি যুক্তরাষ্ট্রের অর্থবাজারের সঙ্গে লেনদেন করতে পারবে না। পরমাণু কর্মসূচির মাধ্যমে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্র দেশগুলো অভিযোগ করে আসছে। তবে বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি পরিচালিত হয় বলে দাবি করে আসছে ইরান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৯৫৯ ঘ.