লন্ডন, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে অভিযুক্ত বসনীয় সার্ব সেনাবাহিনীর সাবেক প্রধ্না রাতকো ম্লাদিচের বিচার শুরু হয়েছে।
নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে ১১ টি অভিযোগ আনা হয়েছে।
এর মধ্যে ১৯৯৫ সালে স্রেব্রেনিৎসা শহরে ৭ সহস্রাধিক মুসলিম পুরুষ ও বালককে হত্যার অভিযোগ অন্যতম। ম্লাদিচকে এ হত্যাকাণ্ডের মূল হোতা বলেই মনে করা হয়।
এছাড়া ৪৪ মাস ধরে সারায়েভো অবরোধ করার ফলে ১০ হাজারেরও বেশি বেসামরিক মানুষের মৃত্যুর জন্যও দায়ী করা হয় ম্লাদিচকে।
তবে ম্লাদিচ সব অভিযোগ অস্বীকার করে বলেছেন সার্ব বাহিনীর কমান্ডার হিসাবে তিনি জনগণকে রক্ষারই চেষ্টা করেছিলেন।
বুধবার আদালতের শুনানিতে হাজির হয়ে তার হত্যাযজ্ঞের শিকার হওয়াদের পরিবার-পরিজনকে বিদ্রুপ করেন ম্লাদিচ। অপকর্মের জন্য অনুতপ্ত হওয়ার কোনো লক্ষণই তিনি দেখাননি।
বরং আদালতে উপস্থিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের প্রতি আক্রমণাত্মক আচরণ করেন ম্লাদিচ। পরে বিচারকের হস্তক্ষেপে তাকে থামানো হয়।
২০১১ সালের মে মাসে গ্রেপ্তার হওয়ার আগে ১৫ বছর পলাতক ছিলেন ৭০ বয়সী এই সাবেক সেনা কমাণ্ডার।
এর আগে ২০০৮ সালে গ্রেপ্তার হন তার দুস্কর্মের সহযোগী এবং যুদ্ধকালীন বসনীয় সার্ব রাজনৈতিক নেতা রাদোভান কারাদজিচ। তার বিরুদ্ধেও একই অভিযোগ এনেছে আদালত। কারাদজিচের বিরুদ্ধে অভিযোগগুলো বিচারাধীন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/এলকিউ/১৬২৭ঘ.
bdnews24