২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানি পরমাণু বিজ্ঞানী হত্যার জন্য ‘মোসাদ চরের’ ফাঁসি

ইরানের এক পরমাণু বিজ্ঞানীকে হত্যার দায়ে এক ইরানিকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, যাকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের চর হিসেবেও অভিযুক্ত করা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 10:23 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

দুবাই, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের এক পরমাণু বিজ্ঞানীকে হত্যার দায়ে এক ইরানিকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, যাকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের চর হিসেবেও অভিযুক্ত করা হয়েছিল। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার এ খবর জানিয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসুদ আল মোহাম্মদিকে ২০১০ সালের জানুয়ারিতে তার বাড়ির সামনে দূর নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণে হত্যা করার জন্য গত আগস্ট মুত্যুদণ্ড দেওয়া হয় মাজিদ জামালি ফাসহিকে (২৪)। কেন্দ্রীয় আইন দপ্তরের উদ্ধৃতি দিয়ে ইরানি বার্তা সংস্থা জানায়, বিজ্ঞানি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে ফাসহি। তেহরানের ইভিন কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন উপলক্ষে বিদেশে গিয়ে মোসাদের কাছে প্রশিক্ষণ নেন ফাসহি। প্রশিক্ষণ শেষে দেশে ফিরে হত্যার পরিকল্পনা করেন। তবে পশ্চিমা বিশ্লেষকদের দাবি, ইরানের স্পর্শকাতর পরমাণু প্রকল্পের সঙ্গে অধ্যাপক মোহাম্মদির (৫০) তেমন কোনো সম্পর্ক ছিল না। ইরানি পরমাণু শক্তি সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, হত্যাকাণ্ডের সময় মোহাম্মাদি পরমাণু প্রকল্পের সঙ্গে জড়িত ছিলেন না। ইরানি পরমাণু বিজ্ঞানীকে লক্ষ্য করে হামলার সর্বশেষ ঘটনা ঘটে গত জানুয়ারিতে। এই হামলায় নিহত হন নাতাঞ্জ পরামাণু সমৃদ্ধকরণ কর্মসূচির উপপরিচালক মোস্তফা আহমাদি রোশান। চলন্ত গাড়িতে স্থাপিত চুম্বক বোমার বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করা হয়। এ পর্যন্ত চারজন পরমাণু বিজ্ঞানীর হত্যার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান। ইরানের পরমাণু প্রকল্প বাধাগ্রস্থ করাই এসব হত্যাকাণ্ডের উদ্দেশ্য বলে দেশটির অভিযোগ। এসব হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এসইউ/১৬০৪ ঘ.