২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াহুর প্রধান নির্বাহীর পদত্যাগ

জীবনবৃত্তান্তে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগের মুখে ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান ইয়াহুর প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্কট থম্পসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 04:29 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

সান ফ্রান্সিসকো, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জীবনবৃত্তান্তে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগের মুখে ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান ইয়াহুর প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্কট থম্পসন। রোববার তিনি পদত্যাগ করেন। এর ১০ দিন আগে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, জীবনবৃত্তান্তে তিনি কম্পিউটার সায়েন্সে ডিগ্রি নিয়েছিলেন বলে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। থম্পসনের জায়গায় ইয়াহুর গ্লোবাল মিডিয়া প্রধান রস লেভিনসনকে র্অর্ন্তবতীকালীন প্রধান নির্বাহী করা হয়েছে। গত জানুয়ারিতে ইয়াহুর প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়া থম্পসনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে ক্যালিফোর্নিয়াভিত্তিক এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইতোমধ্যেই স্বীকার করা হয়েছে। ইয়াহুর এক শেয়ার মালিক প্রথম থম্পসনের বিরুদ্ধে এ অভিযোগ এনেছিলেন। গত মাসেই ব্যয় কমানোর জন্য দুই হাজার কর্মী ছাটাইয়ের পরিকল্পনা ঘোষণা করে ইয়াহু। এই প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার পর থেকেই ইয়াহুর ব্যয় কমানোর নানা উদ্যোগ নেন থম্পসন। ইয়াহুর প্রধান নির্বাহী হিসেবে যোগ দেওয়ার আগে থম্পসন অনলাইন সেবা ইবের অনলাইন পেমেন্ট বিভাগ পেপলের প্রেসিডেন্ট ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১০১৭ ঘ.