বৈরুত, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় ক্ষমতাসীন দল বার্থ পার্টির দপ্তরের কাছে বোমা হামলা হয়েছে।
শুক্রবার এ বোমা হামলা হয় বলে মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি অফ হিউম্যান রাইটস জানায়। বিস্ফোরণের পর গোলাগুলিতে বাথ পার্টির ওই দপ্তরের এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছে বলে জানায় তারা।
যুক্তরাজ্যভিত্তিক ওই মানবাধিকার সংস্থা এক ইমেইল বার্তায় জানায়, “ক্ষমতাসীন দলের স্থানীয় শাখাকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। তাতে কতো জন হতাহত হয়েছে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।”
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের দাবিতে আন্দোলনরতদের কায়েকজন বলেন, সিরিয়ার সবচেয়ে বড় শহর ও ব্যবসা কেন্দ্র আলেপ্পোর কেন্দ্রের দিক থেকে একটি প্রবল বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা।
“বিস্ফোরণে প্রচণ্ড শব্দ হয় এবং তারপর গোলাগুলির শব্দ পাওয়া যায়। তখন থেকে সাদাল্লা আল জাবেরি চত্বরের দিকে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে,” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্দোলনকারী।
গত ১৪ মাস ধরে সিরিয়ার সরকারবিরোধী আন্দোলন চলছে। আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর সহিংসতার এক পর্যায় তারাও পাল্টা হামলা চালানো শুরু করেছে। দেশটি গৃহযুদ্ধের মুখে রয়েছে বলে সতর্ক করেছে সেখানে শান্তিপ্রতিষ্ঠায় জাতিসংঘের পক্ষ থেকে মধ্যস্থতার দায়িত্বে থাকা বান কি মুন।
গত বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেস্কে দুটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৫৫ জন নিহত ও ৩৭২ জন আহত হয়।
জাতিসংঘের হিসাবে, এক বছরেরও বেশি সময় ধরে চলা সহিংসতায় সিরিয়াজুড়ে নয় হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/২০৫২ ঘ.
bdnews24