নয়াদিল্লি, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর ভারতের হিমালয় অঞ্চলের লাদাখে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় সেনা কর্মকর্তা ও জওয়ানদের গোলাগুলিতে দুই সেনা কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন।
পূর্ব লাদাখের নিয়োমা সেক্টরে মোতায়েন থাকা গোলন্দাজ ইউনিট কর্মকর্তা ও জোয়ানদের মধ্যে গোলাগুলি হয় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এতে বলা হয়, গোলাগুলিতে দুরবুক এলাকায় ভারতীয় সেনাবাহিনীর ২২৬ ফিল্ড রেজিমেন্টের অধিনায়ক কর্নেল প্রাসাদ কদম ও মেজর এস এস শর্মা আহত হয়েছেন। আহত দুই জওয়ানের পরিচয় প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
তাদের লেহ-এর সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিদ্রোহী ওই গোলন্দাজ ইউনিটে প্রায় ৫৫০ জন জওয়ান ছিলেন, যারা ওইদিন নিয়মিত অনুশীলনে অংশ নিয়েছিলেন।
ঘটনাস্থলে অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ছাড়া নিরস্ত্র করা হয়েছে নির্দেশ অমান্যকারী সেনা সদস্যদের।
১১ লাখ ৩০ হাজার সদস্যের ভারতীয় সেনাবাহিনীতে এ ধরনের ঘটনা বিরল বলে উল্লেখ করেছে টাইমস অব ইন্ডিয়া।
এদিকে ঘটনার পরদিন শুক্রবার সকালে ভারতীয় সেনাপ্রধান জেনারেল ভি কে সিং ঘটনাটি দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনিকে অবহিত করেছেন। এর আগে তিনি ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল কে টি পারনায়েকের সঙ্গে কথা বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএল/১৩০৮ ঘ.
bdnews24