বৈরুত, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ার রাজধানী দামেস্কে দুইটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত এবং ৩৭২ জন আহত হয়েছে।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সকালের ব্যস্ত সময়ে আত্মঘাতী গাড়িবোমা হামলাকারীরা এ বিস্ফোরণ ঘটিয়েছে।
বৃহস্পতিবার সকালে মানুষ কাজে যাওয়ার সময় দামেস্কের দক্ষিণে আল-কাজ্জাজ এলাকায় বিস্ফোরণ ঘটে বলে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়।
মহাসড়কের পাশে এ বিস্ফোরণে সিরিয়ার গোয়েন্দা বাহিনীর একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
টেলিভিশন ফুটেজে দেখা যায়, একটি বিস্ফোরণস্থল থেকে ক্ষতিগ্রস্ত ডজনখানেক গাড়ি সরিয়ে নেওয়া হচ্ছে। সেগুলোর কয়েকটির ভিতরে মৃতদেহ পড়ে আছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানায়, স্থানীয় সময় সকাল ৮টার অল্প কিছুক্ষণ আগে প্রথম বিস্ফোরণ ঘটার পরপরই বিকট শব্দে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণস্থলে পুড়ে যাওয়া গাড়ি এবং ছিন্নবিচ্ছিন্ন মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে টেলিভিশন ফুটেজে। রাস্তায় দেখা গেছে দু’টি বড় গর্তও।
যে জায়গায় হামলা চালানো হয়েছে সেখানে রয়েছে ১০ তলা উঁচু সামরিক গোয়েন্দা ভবন ও সদরদপ্তর। এর পাশেই রয়েছে আরেকটি সামরিক নিরাপত্তা গোয়েন্দা ভবন। বিস্ফোরণে বিধ্বস্ত হয়েছে এটিও।
এ ভবনটি সিরিয়ার প্যালেস্টাইন ব্রাঞ্চ সামরিক গোয়েন্দা কেন্দ্রেরই অংশ। বোমা বিস্ফোরণে এ কেন্দ্রের ফটকও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক অধিবাসী।
হামলার দায় কেউ স্বীকার করেনি। সিরিয়ার রাষ্ট্রীয় টিভি’র ভাষ্য, সন্ত্রাসীরা এ বোমা হামলা চালিয়েছে।
জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনান এক বিবৃতিতে এ হামলার নিন্দা করে সব পক্ষকে সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
সিরিয়ায় চলমান সরকার বিরোধী আন্দোলন সহিংসতার মধ্যে গত কয়েকমাসেও দমেস্কে কয়েকটি বোমা হামলা হয়েছে। তার মধ্যে বৃহস্পতিবারের এ হামলাই সবচেয়ে ভয়াবহ বলে জানিয়েছেন দমেস্কের এক অধিবাসী।
এর আগে সিরিয়ায় সরকারি বাহিনী ও বিরোধীদের অস্ত্রবিরতি পর্যবেক্ষণে যাওয়া জাতিসংঘের কূটনীতিকদের গাড়িবহরের কাছে বুধবার বিস্ফোরণে তিন সেনা সদস্য আহত হয়।
গত বছরের মার্চ থেকে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে নিরাপত্তায় বাহিনীর সহিংসতায় ইতোমধ্যে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮৪৫ ঘ.
bdnews24