মাদ্রিদ, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আর্থিক ব্যবস্থার প্রতি ‘ক্ষোভ’ আন্দোলনের বর্ষপূর্তিতে স্পেনের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। একই ধরনের বিক্ষোভ যুক্তরাজ্য, পর্তুগাল ও জার্মানিতেও দেখা গেছে।
তবে স্পেনেই সবচেয়ে বেশি মানুষ রাজপথে নেমেছে। শনিবার দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে।
বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্যেও। লন্ডনের সেন্ট পলস ক্যাথেড্রালের সামনে কয়েকশ’ বিক্ষোভকারী সমবেত হয়ে ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে স্লোগান দেয়। সেখান থেকে তারা ব্যাংক অফ ইংল্যান্ড অভিমুখে যাত্রা করে।
এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কয়েক দফা ধস্তাধস্তি হয়। অন্তত ১২ বিক্ষোভকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে।
গত বছর এই দিনে সরকারের ব্যয় সংকোচ নীতি ও ধনী-দরিদ্রের বৈষম্য বৃদ্ধির প্রতিবাদে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় মাদ্রিদ থেকে। মাদ্রিদের ওই আন্দোলন থেকে বিশ্বের বিভিন্ন শহরে একই ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
গত বছর এই সময়ে স্পেনের রাজধানী মাদ্রিদের এই পুয়ের্টা ডেল সোল স্কয়ারে তাবু টানিয়ে ঘাঁটি গাড়ে বিক্ষোভকারীরা। তবে এবার সেখানে সারারাত অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেওয়া হবে না বলে নিরাপত্তা বাহিনী জানিয়েছে। পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে দুই হাজারের মতো দাঙ্গা পুলিশ মোতায়েন করেছে সরকার।
তারপরেও শনিবার পুয়ের্টা ডেল সোল স্কয়ারে বিক্ষোভকারীরা অবস্থান নেয়। অবশ্য স্থানীয় সময় রোববার ভোর ৫টার দিকে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া।
সোফিয়া রুজ নামের এক বিক্ষোভকারী রয়টার্সকে বলেন, “জনগণের স্থান পুনরুদ্ধারই আজকের উদ্দেশ্য।”
“এটা উদযাপনের একটি পদ্ধতি যে, আমরা এক বছর ধরে টিকে আছি এবং ব্যবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা সেখানে যাচ্ছি এবং আমাদের দাবি জানাচ্ছি।”
স্পেনের আরেক বড় শহর বার্সেলোনায় লাখো মানুষ বিক্ষোভে যোগ দিয়েছে বলে আয়োজকরা দাবি করেছে। তবে পুলিশ বলছে, বিক্ষোভে অংশ নেওয়াদের সংখ্যা ৪৫ হাজার হবে।
সেখানে বিক্ষোভে অংশ নেওয়া হোসে হেলমান্দেজ বলেন, তিনি একজন জেনেটিক ও অনুজীব বিজ্ঞানী হওয়ার পরেও কোনো চাকরি পাচ্ছেন না।
“দেশের অনেক মানুষ যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো চাকরি পাচ্ছে না। আমি ফ্রান্সে ছিলাম। প্রায় দুই বছর আগে দেশে ফিরে স্বল্পমেয়াদী কয়েকটি চাকরি পেয়েছি।”
স্পেনের অন্যান্য শহরেও একই ধরনের বিক্ষোভ হয়েছে।
স্পেনে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের ফলে জনগণের মধ্যে সৃষ্ট ক্ষোভের কারণে ওই অন্দোলন গড়ে উঠেছে। গত এপ্রিলে দেশটিতে বেকারত্বের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
সম্প্রতি দেশটির মধ্য-ডানপন্থী সরকার নতুন ব্যয়সংকোচ নীতি ঘোষণা করেছে।
এদিন স্পেন ও যুক্তরাজ্যের পাশাপাশি পর্তুগালের রাজধানী লিসবন ও জার্মানির ফ্রাঙ্কফুর্টেও বিক্ষোভ হয়েছে। জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে রাজধানী তেল আবিবে বিক্ষোভ করেছে হাজারখানেক ইসরায়েলি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১২৩৪ ঘ.
bdnews24