এথেন্স, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রিসে কঠোর ব্যয়সঙ্কোচনবিরোধী জোট সরকার গড়ার চেষ্টা চালাচ্ছে পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় স্থানে উঠে আসা বামপন্থি ব্লক।
নির্বাচনে সবচেয়ে বশি ভোট পেয়ে প্রথম অবস্থানে থাকা নিউ ডেমোক্র্যাসি জোট সরকার গঠনে ব্যর্থ হয়েছে।
ফলে নতুন সরকার গঠনের চেষ্টা শুরু করেছেন দ্বিতীয় অবস্থানে থাকা বাম ব্লক সাইরিজা’র নেতা অ্যালেক্সিস টিপারস।
ইইউ এর বেইলআউট চুক্তির আওতায় গ্রিস যে কঠোর কৃচ্ছতা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে তা প্রত্যাখ্যান করে একটি নতুন বামপন্থি মন্ত্রিসভা গড়তে চান অ্যালেক্সিস। কিন্তু তার পক্ষেও কাজটা খুব সহজ হবে বলে মনে করছেন না বিশ্লেষকরা।
টিপারস মঙ্গলবার প্রেসিডেন্ট কারোলোস পাপৌলিয়াসের সঙ্গে কথা বলেছেন। তিনি একটি জোট সরকার গঠনের জন্য টিপারসকে তিনদিন সময় দেবেন বলে মনে করা হচ্ছে।
রোববার ভোটের পর ৯৫ শতাংশ ভোট গণনায় দেখা গেছে, গ্রিসে কয়েক দশক ধরে আধিপত্য ধরে রাখা মূল ধারার দুই রাজনৈতিক দল রক্ষণশীল নিউ ডেমোক্র্যাসি এবং স্যেশালিস্ট পাসোক পার্টি ৩৩ শতাংশেরও কম ভোট পেয়ে ৩শ আসনের পার্লামেন্টে ১৫০ আসন পেয়েছে।
৯৯ শতাংশ ভোট গণনায় নিউ ডেমোক্র্যাসি পেয়েছে মাত্র ১৮ দশমিক ৯ শতাংশ ভোট। ২০০৯ সালে এ হার ছিলো ৩৩ দশমিক ৫ শতাংশ।
নিউ ডেমোক্র্যাসি এবং নব্য-নাৎসি পার্টির পর দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাম ব্লক সাইরিজা। আর ১৩ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে চলে গেছে পাসোক পার্টি। যেখানে গত নির্বাচনে দলটি পেয়েছিল ৪৩ দশমিক ৯ শতাংশ ভোট।
জনগণ যে বেইলআউট তহবিলের জন্য ইইউ/আইএমএফ এর বেঁধে দেওয়া কঠিন শর্ত প্রত্যাখ্যান করেছে নির্বাচনের এ ফলেই তা স্পষ্ট।
এর পরও গ্রিসের নিউ ডেমোক্র্যাসির মধ্য-ডানপন্থি নেতা এন্টানিস সামারাস একটি সরকার গঠনের চেষ্টা চালাতে ইউরোপপন্থি ঐকমত্যের সরকার গঠনের ডাক দেন। ওদিকে, পাসোক নেতা এভাঞ্জেলোস ভেনিজেলোসও ঐকমত্যের সরকার গড়ার ডাক দেন। কিন্তু এ চেষ্টা ব্যর্থ হয়।
অন্যদিকে, নির্বাচনে বেইলআউট বিরোধী ছোট দলগুলো জিতলেও বিকল্প একটি জোট সরকার গড়া নিয়ে তারা দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। এ অবস্থায় গ্রিসে কি ধরনের সরকার গঠন করা হবে এবং নতুন সরকার ইইউ/আইএমএফ কর্মসূচি সমর্থন করবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
ঋণ সঙ্কট কাটাতে আন্তর্জাতিক বেইলআউট তহবিলের বিনিময়ে গ্রিস সরকারের নেওয়া কৃচ্ছতা পদক্ষেপের বিরুদ্ধে জনগণের ক্ষোভই নির্বাচনে ক্ষমতাসীন দলগুলোর জন্য কাল হয়েছে। এর পরিবর্তে নতুন পার্লামেন্টে নজিরবিহীনভাবে উঠে এসেছে ব্যয়সঙ্কোচন পদক্ষেপের বিরোধী রাজনৈতিক দল।
কিন্তু ঋণসঙ্কট কাটাতে ইইউ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর কাছ থেকে বেইলআউট তহবিল প্রাপ্তি অক্ষুন্ন রাখার জন্য গ্রিসের ভবিষ্যৎ যে কোনো নতুন সরকারের জন্যই কঠোর ব্যয়ঙ্কোচন পদক্ষেপ চালিয়ে যাওয়া জরুরি।
বেইলআইট তহবিল চুক্তির শর্তানুযায়ী নতুন গ্রিক সরকার প্রতিশ্র“তি পূরণ করতে না পারলে কঠিন পরিণতি ভোগ করার হুমকি দিয়ে রেখেছে জার্মানি।
তাছাড়া, গ্রিসে কোনোরকম রাজনৈতিক অস্থিতিশীলতাই ইউরোজোনে দেশটির সদস্যপদকে নতুন করে প্রশ্নের মুখে ঠেলে দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮০৯ঘ.
bdnews24