২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাদেন হত্যার বর্ষপূর্তিতে কাবুলে বোমা হামলা, নিহত ৭

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তান ছাড়ার প্রায় তিন ঘণ্টা পর হামলার ঘটনাটি ঘটল। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 06:59 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

কাবুল, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদার প্রতিষ্ঠাতা শীর্ষ নেতা ওসামা বিন লাদেন হত্যার প্রথম বর্ষপূর্তিতে আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছে।

২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদের এক গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিন লাদেনকে হত্যা করে মার্কিন বিশেষ বাহিনী।

এ হত্যাকাণ্ডের বর্ষপূর্তির দিন বুধবার বোমা হামলার পরপরই এর দায়িত্ব স্বীকার করেছে আফগান তালেবানরা। ওবামার সফর এবং আফগান প্রেসিডেন্টের সঙ্গে তার কৌশলগত চুক্তি স্বাক্ষরের জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানায় তারা।

হামলায় একজন গুর্খা প্রহরীসহ ৬ জন পথচারী নিহত হয়েছে। আহত হয়েছে ১৭ জন।

কাবুলের জালালাবাদ সড়কে গাড়ি বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। এ সড়কটি শহর থেকে বের হওয়ার পূর্বমুখী প্রধান সড়ক। সড়কটির পাশে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটিসহ পশ্চিমা নাগরিকদের আবাসিক এলাকা রয়েছে।

‘গ্রিন ভিলেজ’ নামের পশ্চিমাদের একটি আবাসিক এলাকা হামলার লক্ষ ছিলো বলে জানান সালাঙ্গি। এলাকাটির ভেতর থেকে প্রবল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রথম বিস্ফোরণের ৯০ মিনিট পর আরেকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দাবি করেছেন রয়টার্সের সাংবাদিকরা।

 

প্রথম বিস্ফোরণের পর হামলাকারীদের সঙ্গে গুলি বিনিময় হয়েছে বলে জানিয়েছেন আরেকজন আফগান পুলিশ কর্মকর্তা।

হামলার ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আফগান গণমাধ্যমগুলো।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, তালেবান এক সদস্য একটি সামরিক ঘাঁটির সামনে গাড়ি বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছে।

“অন্য মুজাহিদরা ঘাঁটির ভেতরে লড়াই করছে। সেখানে শত্রুপক্ষের হতাহতের সংখ্যা ব্যাপক”, অজ্ঞাত এক স্থান থেকে টেলিফোনে রয়টার্সকে বলেন জাবিউল্লাহ।

ওসামা বিন লাদেনকে হত্যার বর্ষপূর্তির দিনে এক ঝটিকা সফরে আফগানিস্তান গিয়েছিলেন ওবামা। সফরে তিনি আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেন।

এরপর কাবুলের উত্তরে অবস্থিত বাগারাম বিমান ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণ দেন। ভাষণ শেষে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে আফগানিস্তান ত্যাগ করেন।

ওবামা রওনা হওয়ার প্রায় তিন ঘণ্টা পর গাড়ি বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।