২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্লামেন্টে যোগ দেবেন সুচি

অবশেষে মিয়ানমারের পার্লামেন্টে সদস্য হিসেবে শপথ নিতে সম্মত হয়েছেন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 09:08 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ইয়াঙ্গুন, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অবশেষে মিয়ানমারের পার্লামেন্টে সদস্য হিসেবে শপথ নিতে সম্মত হয়েছেন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি। সরকারের সঙ্গে বিরোধকে একপাশে সরিয়ে রেখে আগের পূর্বনির্ধারিত শপথ বাক্য পাঠ করেই তিনি শপথ নেবেন বলে জানিয়েছে তার দলের কর্মকর্তারা জানান। বুধবার থেকে ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির নবনির্বাচিত সদস্যরা পার্লামেন্টে অংশ নেবেন বলেও কর্মকর্তারা জানান। ২৩ এপ্রিল এনএলডি’র সদস্যদের শপথ নেয়ার কথা থাকলেও শপথ বাক্যের শব্দচয়ন নিয়ে মতবিরোধে পার্লামেন্ট বর্জন করে সুচি ও তার দল। এ ব্যাপারে এনএলডি’র বক্তব্য ছিল, তারা শপথ নেবে সংবিধানকে ‘সম্মান’ জানানোর জন্য, সংবিধানকে ‘রক্ষা’ করার জন্য নয়। কেননা, এই সংবিধান রচিত হয়েছে মিয়ানমারের সাবেক সামরিক জান্তার শাসনামলে। কিন্তু দলের এক বৈঠকের পর সুচি সাংবাদিকদের বলেন, “জনগণের প্রত্যাশাকে সম্মান জানিয়ে এবং গণতান্ত্রিক দলগুলো ও স্বতন্ত্র পার্লামেন্ট সদস্যদের অনুরোধ বিবেচনা করে আমরা পার্লামেন্টে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরো বলেন, “যত শিগগির সম্ভব আমরা শপথ নিয়ে পার্লামেন্টে যোগ দেবো।” এছাড়া মঙ্গলবার ইয়াঙ্গুনে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান তিনি। এনএলডি কর্মকর্তারা জানান, পার্লামেন্টে যোগ দিতে বুধবার সুচি ও দলের অন্য সদস্যরা রাজধানী যাবেন। মিয়ানমারে ১ এপ্রিল অনুষ্ঠিত পার্লামেন্টের উপনির্বাচনে এনএলডি থেকে নির্বাচিত হয়েছেন সুচিসহ ৪৩ জন। সরকারের আমন্ত্রণে ২৩ এপ্রিল পার্লামেন্টে শপথ নেওয়ার কথা ছিল এনএলডি’র এমপিদের। কিন্তু শপথবাক্যের শব্দচয়নে কিছু রদবদলের দাবি জানায় সুচি’র দল। সরকার তাদের এ দাবি না মানলে শপথ অনুষ্ঠান বর্জন করে এনএলডি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৫৮ ঘ.