ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সিয়েন ও বিরোধী দলের নেত্রী অং সান সুচিকে পরিবর্তনের পথে অংশীদার হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
মিয়ানমার পার্লামেন্টে ঐতিহাসিক এক ভাষণে বান কি মুন বলেন, এ পথটি পিছনে ফিরে যাওয়ার জন্য খুবই সরু।
মুন তার বক্তব্যে দূরদর্শিতা, নেতৃত্বগুণ ও সাহসের জন্য প্রেসিডেন্ট সিয়েন ও বিরোধী দলের নেত্রী সুচি উভয়েরই প্রশংসা করেন বলে বিবিসি জানায়।
রোববার মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে পৌঁছান বান কি মুন। এদিন মিয়ানমারের পার্লামেন্টে ভাষণও দেন তিনি।
সোমবার প্রেসিডেন্ট থিয়েন সিয়েনের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে জাতিসংঘ মহাসচিবের। এছাড়া মঙ্গলবার বিরোধী দলের নেত্রী অং সান সুচি’র সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার।
গত ১ এপ্রিল মিয়ানমারে উপনির্বাচনে পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন সুচিসহ তার দলের আরো ৪২ জন। তবে পার্লামেন্ট সদস্য হিসেবে শপথে সংবিধান অক্ষুণœ রাখা বিষয়ে বাক্য পরিবর্তন না করায় শপথ অনুষ্ঠান বর্জন করেন সুচি।
অবশ্য এ জটিলতার অবসান হয়েছে বলে সোমবার সুচি জানান। তিনি ও তার দলের সদস্যরা বুধবার পার্লামেন্টে যোগ দেবেন বলেও তিনি জানান।
এর আগে ২০০৯ সালে তৎকালীন সামরিক শাসক গেন থোয়া শে’র আমন্ত্রণে মিয়ানমার সফর করেছিলেন বান। তবে সেসময় গৃহবন্দী থাকা সুচি’র সঙ্গে তাকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি।
এ সফরের ১৫ মাস পরেই সুচির গৃহবন্দিত্বের অবসান হয়। এরপর রাজবন্দিদের মুক্তিসহ অর্থনৈতিক ও রাজনৈতিক পর্যায়ে একের পর এক সংস্কার কর্মসূচি নিয়েছে একবছর আগে শাসনক্ষমতায় যাওয়া দেশটির সংস্কারবাদী সরকার।
আন্তর্জাতিক স¤প্রদায়ের সঙ্গে মিয়ানমারের সম্পর্কের বরফও গলতে শুরু করেছে। মিয়ানমারের এ গণতান্ত্রিক অগ্রযাত্রা উৎসাহব্যঞ্জক বলে মন্তব্য করেছেন বান। তবে তিনি বলেন, এটুকুই যথেষ্ট নয়।
ভাষণে বান কি মুন বলেন, পুনর্গঠন ও উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা রয়েছে মিয়ানমারের। তবে এজন্য পূর্ণ প্রতিজ্ঞা, সঠিক নেতৃত্ব ও অংশীদারিত্ব প্রয়োজন।
রোববার জাতিসংঘের প্রথম মহাসচিব উ থান্টের সমাধিস্থলও পরিদর্শন করেন বান। মিয়ানমারের নাগরিক উ থান্ট ১৯৬১ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪০২ ঘ.
bdnews24