ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশ শতকের উপযোগী করে ‘টাইটানিক’ তৈরির ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার অন্যতম ধনী ব্যক্তি ক্লাইভ পামার। আর এর দায়িত্ব দিয়েছেন তিনি চীনের একটি কোম্পানিকে।
সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন বলে বিবিসি জানিয়েছে।
ক্লিভ বলেন, “যতটা সম্ভব মূল টাইটানিকের নকশার মতো করে এটি তৈরি করা হবে। তবে এতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। আর এর নির্মাণ কাজ শুরু হবে আগামী বছরের শেষ নাগাদ।।”
জাহাজটি নির্মাণের জন্য সিএসসি জিনলিং শিপইয়ার্ডের সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছেন বলেও জানান তিনি।
দুর্ঘটনার শিকার হয়ে টাইটানিক জাহাজ ডুবির শতবর্ষ পূরণের কয়েক সপ্তাহ পরই এমন ঘোষণা দিলেন ক্লিভ। এ যাবৎকালের মধ্যে নির্মিত সবচেয়ে বিলাসবহুল এ জাহাজটি সাউদ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা শুরুর পর এক হিমবাহের সঙ্গে ধাক্কা খেয়ে ১৯১২ সালের ১৫ এপ্রিল ডুবে যায়। এতে ১৫ শ’রও বেশি মানুষের মৃত্যু হয়।
এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার এ ব্যবসায়ী বলেন, “মূল টাইটানিকের মতোই এটাও বিলাসবহুল হবে। তবে অবশ্যই এতে একুশ শতকের প্রযুক্তি এবং আধুনিক নৌ ও নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে।”
নতুন এ টাইটানিক ডুবে যাবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোনো ছিদ্র করা হলে অবশ্যই এটা ডুববে।”
সবকিছু ঠিক থাকলে ২০১৬ সালের শেষ নাগাদ লন্ডন থেকে নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা করবে নতুন টাইটানিক।
তবে এর নির্মাণ ব্যয় জানা যায়নি বলে ক্লিভের এক মুখপাত্র অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে জানান।
কুইন্সল্যান্ডের খনি ব্যবসায়ী ক্লিভ বর্তমানে পর্যটন শিল্পেও তার ব্যবসা ছড়িয়ে দিয়েছেন। চীনের সঙ্গে জোড়ালো ব্যসায়িক সম্পর্ক রয়েছে তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩০২ ঘ.
bdnews24