২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘৯/১১’র মতো হামলায় আর সক্ষম না আল কায়েদা’

২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার মতো বড় ধরনের আর কোনো হামলা চালানোর সক্ষমতা আল কায়দার নেই বলেই মনে করছেন মার্কিন গোয়েন্দা ও সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 10:03 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ওয়াশিংটন, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার মতো বড় ধরনের আর কোনো হামলা চালানোর সক্ষমতা আল কায়দার নেই বলেই মনে করছেন মার্কিন গোয়েন্দা ও সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা। তাছাড়া, রাসায়নিক, জৈব, পারমাণবিক বা রেডিওলজিক্যাল অস্ত্র ব্যবহার করে আগামী বছরে আল কায়েদার কোনো হামলা চালানোর আশঙ্কাও তেমন নেই বলেও মনে করছেন তারা। শুক্রবার এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের উপ পরিচালক রবার্ট কার্ডিল্লো। বিশেষ মার্র্কিন অভিযানে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যার এক বছর পর সংগঠনটির শক্তি-সামর্থ নিয়ে সরকারি বিশেষজ্ঞদের এ মূল্যায়নই তুলে ধরেছেন কার্ডিল্লোসহ নাম প্রকাশে অনিচ্ছুক অন্যান্য কর্মকর্তারা। কার্ডিল্লো বলেন, মুসলিম দেশগুলোতে ‘আরব বসন্ত’ বিক্ষোভ ও বিদ্রোহের কারণে বিন লাদেনের গঠিত আল কায়দার মূল সংগঠন বাধা-বিপত্তির মুখে পড়েছে। .বরং নিজ দেশে গড়ে ওঠা চরমপন্থিদের নিয়েই যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা এবং বিদেশে তাদের সহযোগীরা বেশি উদ্বিগ্ন বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। এ সমস্ত চরমপন্থি আল কায়েদা ও তাদের সহযোগীদের কাছ থেকে উৎসাহ-উদ্দীপনা পাচ্ছে। কর্মকর্তারা জানান, আল কায়দার চারটি শাখা ছোট বা বড় আকারে এখনও যুক্তরাষ্ট্রের জন্য হুমকি আছে। এর মধ্যে ইয়েমেন ভিত্তিক আল কায়দা শাখা সংগঠনকে (একিউএপি) বর্তমানে সবচেয়ে শক্তিশালী বলে মনে করছেন তারা। গত ১৮ মাসে যুক্তরাষ্ট্রে কয়েকটি হামলা প্রচেষ্টার জন্য এদেরকে দায়ী মনে করছেন কর্মকর্তারা। ২০০৩ সালে সাদ্দাম হোসেনকে উৎখাতে মার্কিন আগ্রাসনের সময় ইরাকে গঠিত আল কায়দা শাখাও হুমকি হয়ে আছে এবং পার্শ্ববর্তী সিরিয়ায় তাদের কর্মকাণ্ডের জাল বিস্তার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এ শাখাকে ওই অঞ্চলের বাইরে যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি মনে করা যায় কিনা সে ব্যাপারে কোনো আভাস দেননি কর্মকর্তারা। মার্কিন কর্মকর্তাদের বিবেচনায় আরেক হুমকি উত্তর আফ্রিকা ভিত্তিক আল কায়দা শাখা ইসলামিক মাঘরেব (একিউআইএম) । মুক্তিপণের জন্য পশ্চিমাদের অপহরণের কাজে নিয়োজিত এ সংগঠন। আল কায়দার শক্তিশালী অপর সংগঠন হলো সোমালিয়া ভিত্তিক আল শাবাব শাখা। সন্ত্রাসবিরোধী এক কর্মকর্তা বলেন, “আল কায়দা সংগঠনকে মোকাবেলায় যে আমাদের অগ্রগতি হয়েছে তা স্পষ্ট। তবে এখনও যুক্তরাজ্যে এর সক্রিয় নেটওয়ার্ক আছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৫৫৩ঘ.