বৈরুত, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হামায় বোমা বিস্ফোরণের জন্য সিরিয়া সরকার ও বিদ্রোহীরা পরস্পরকে দায়ী করেছে। এ বিস্ফোরণে ৭০ জন নিহত হয় বলে দাবি করেছে আন্দোলনকারীরা।
বড় ধরনের বোমা বিস্ফোরণ ও এ নিয়ে সরকার ও বিদ্রোহীদের পরস্পরকে দোষারোপের ঘটনায় সিরিয়ায় দুই সপ্তাহ ধরে চলা জাতিসংঘের দুর্বল যুদ্ধবিরতি আরো নাজুক হয়ে উঠেছে।
সিরিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, সিরিয়ার অব্যাহত সহিংসতা ও হতাহতের ঘটনার খবরে তিনি অত্যন্ত উদ্বিগ্ন। শহরগুলো থেকে ভারী সমরাস্ত্র ও সেনা সরিয়ে না নিয়ে সিরিয়া সরকার প্রতিশ্র“তি ভঙ্গ করছে বলে তিনি অভিযোগ করেন।
হামার বোমা বিস্ফোরণের জন্য “সন্ত্রাসী” বোমা প্রস্তুতকারীদের দায়ী করেছে সিরিয়া সরকার।
সিরিয়ার রাষ্ট্রিয় সংবাদ সংস্থা সানা জানায়, যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের জন্য বিদ্রোহী যোদ্ধাদের দায়ী করেছেন তথ্যমন্ত্রী আদনান মাহমুদ।
“যুদ্ধবিরতির যে কোন লঙ্ঘন ও হামলা প্রতিরোধ করার অধিকার” দামেস্কের আছে বলেও দাবি করেছেন তিনি।
হামার বোমা বিস্ফোরণের কারণ পরিষ্কার নয় বলে জানিয়েছে ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
তৃণমূল পর্যায়ের সিরিয়া সরকার বিরোধী গোষ্ঠী লোকাল কোঅর্ডিনেশন কমিটি বিস্ফোরণটিকে সরকারী সেনাদের রকেট হামলা দাবি করে এতে ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে।
প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী প্রতিরোধ আন্দোলনের অন্যতম কেন্দ্র হামা। এখানে বিস্ফোরণের ঘটনা জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনানের উদ্যোগে শুরু হওয়া যুদ্ধবিরতিকে সন্দেহের মুখে ঠেলে দিয়েছে।
যুদ্ধবিরতির শর্তানুযায়ী প্রেসিডেন্ট আসাদ নিজ সেনা ও ট্যাংক বহরকে ব্যারাকে ফেরার নির্দেশ দেননি বলে জাতিসংঘ মহাসচিবের মতো কফি আনানও অভিযোগ করেছেন।
সিরিয়ার যুদ্ধবিরতি কিভাবে কার্যকর করে তোলা যায় সে বিষয়ে বহিঃশক্তিগুলো বিভক্ত হয়ে পড়েছে। সিরিয়ায় ১৩ মাস ধরে চলা সহিংসতা বন্ধের উদ্দেশ্যে এ যুদ্ধবিরতির আয়োজন করা হলেও এতে সহিংসতা কমেছে সামান্যই।
জাতিসংঘের হিসাবমতে এই ১৩ মাসে সিরিয়াজুড়ে প্রায় ৯ হাজার মানুষ সরকারী বাহিনীর হাতে নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫১৪ঘ.
bdnews24